নেটওয়ার্ক সিস্টেমে অনুপ্রবেশের মাধ্যমে অভ্যন্তরীণ পর্যায়ে রাইড শেয়ারিং প্লাটফর্ম উবার বেশকিছু যোগাযোগ পদ্ধতি ও ইঞ্জিনিয়ারিং সিস্টেম বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। চলতি সপ্তাহেই নেটওয়ার্কে অনুপ্রবেশের ঘটনা ঘটে। খবর রয়টার্স।

সম্প্রতি এক বিবৃতিতে উবার জানায়, এ ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবহারকারীদের ট্রিপ হিস্ট্রি থেকে শুরু করে কোনো সংবেদনশীল তথ্য ফাঁস হয়নি। পাশাপাশি আক্রমণের কারণে যে সফটওয়্যার টুলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটিও পুনরুদ্ধার করা হয়েছে এবং স্বাভাবিকভাবে কার্যক্রম পরিচালনা করছে। গত বৃহস্পতিবার উবার সাইবার নিরাপত্তা-সংক্রান্ত ঘটনাটির তদন্ত শুরু করে।

প্রতিষ্ঠানটির একজন কর্মীর ওয়ার্কস্পেস মেসেজিং অ্যাপ স্ল্যাকের অ্যাকাউন্ট হ্যাক করার মাধ্যমে একজন হ্যাকার সিস্টেমে প্রবেশ করতে সক্ষম হয়। এরপর সে অ্যাকাউন্ট ব্যবহারের মাধ্যমে উবারের অন্য কর্মীদের ডাটা ব্রিচ হামলার বিষয়ে মেসেজ পাঠাতে থাকে। উবারের একজন মুখপাত্রের বরাতে নিউইয়র্ক টাইমস এ প্রতিবেদন প্রকাশ করে।

অতীতেও সাইবার নিরাপত্তা উবারের জন্য বড় সমস্যা ছিল। ২০১৬ সালে প্রতিষ্ঠানটি বড় ধরনের সাইবার হামলার শিকার হয়। সে সময় ৫ কোটি ৭০ লাখের বেশি গ্রাহক ও চালকের ব্যক্তিগত তথ্য বেহাত হয়ে যায়। দ্য টাইমস রিপোর্ট প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, অভ্যন্তরীণ ব্যবস্থার মাধ্যমে হ্যাকাররা প্রবেশ করতে সক্ষম হয়। এক টুইটবার্তায় উবার জানায়, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করা হয়েছে। ভবিষ্যতে নতুন কোনো আপডেট এলে সে বিষয়ে জানানো হবে।