বাংলালিংকের স্বত্ত্বাধিকারী প্রতিষ্ঠান ও নেদারল্যান্ড ভিত্তিক ভিওনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কান তেরজিওগ্লো চারদিনের সফরে ঢাকায় আসছেন। আজ শনিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলালিংক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরে কান তেরজিওগ্লো দেশের উচ্চপদ্স্থ সরকারি কর্মকর্তা ও টেলিকমখাতের বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসবেন। এসময় তিনি বাংলাদেশের ডিজিটাল উন্নয়ন, টেলিকম খাতের চ্যালেঞ্জ ও বাংলালিংকের ব্যবসায়িক প্রসারে ভিওনের পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন।
নিজের সফর সম্পর্কে তেরজিওগ্লো বলেছেন, বাংলাদেশ ভিওনের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। কীভাবে বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে আরো বেশি অবদান রাখা যায় সে বিষয়ে নজর দিবেন তিনি।
ভিওনে যোগদানের আগে তিনি ২০১৯ পর্যন্ত টার্কসেলের প্রধান নির্বাহী হিসেবে কর্মরত ছিলেন। টার্কসেলের আগে কান সিসকো ও আর্থার অ্যান্ডারসনে ম্যানেজেরিয়ালে ভূমিকা রেখেছেন তিনি।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বাংলালিংক দেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান হিসেবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল দুনিয়ার অপার সম্ভাবনা উন্মোচনের লক্ষ্যে নিরন্তর জাজ করে যাচ্ছে তারা।










