চলতি বছরের তৃতীয় প্রান্তিকে বিশ্বজুড়ে ট্যাবলেট ও ক্রোমবুক পিসি বিক্রি হয়েছে ১০ কোটি ৫৬ লাখ ইউনিট। ২০২১ সালের একই প্রান্তিকের তুলনায় বিক্রি ১৪ শতাংশ কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ট্যাবলেট পিসি বিক্রি ৬ শতাংশ কমে ৩ কোটি ৫৩ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। এছাড়া ক্রোমবুক বিক্রি ২৯ শতাংশ কমে দাঁড়িয়েছে ৪২ লাখ ইউনিট। ২০১৯ সালের পর ক্রোমবুক পিসি বিক্রিতে সর্বোচ্চ পতন হয়েছে। প্রযুক্তিবাজার বিশ্লেষক সংস্থা ক্যানালিসের সর্বশেষ এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
দ্বিতীয় প্রান্তিকে ট্যাবলেট পিসি বিক্রি ১১ শতাংশ কমার পর তৃতীয় প্রান্তিকেও কমেছে। আইপ্যাড বিক্রি কমলেও ট্যাব বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে অ্যাপল। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে আইপ্যাড বিক্রি ১২ শতাংশ কমে ১ কোটি ৩৪ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। দ্বিতীয় স্থানে থাকা স্যামসাংয়ের ট্যাব বিক্রি হয়েছে ৬৬ লাখ ইউনিট। দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির ট্যাব বিক্রি বছরওয়ারি কমেছে ৮ শতাংশ। শীর্ষ তিন ট্যাব বিক্রেতার মধ্যে শুধু অ্যামাজনের বিক্রি বেড়েছে। ক্যানালিসের প্রতিবেদন অনুযায়ী, জেফ বেজোস প্রতিষ্ঠিত কোম্পানিটির ট্যাব বিক্রি ১৮ শতাংশ বেড়ে ৩২ লাখ ইউনিটে দাঁড়িয়েছে। প্রাইম ডেতে ফায়ার ট্যাবলেটে বড় অংকের ডিসকাউন্টের মাধ্যমে বাজার সম্প্রসারণ অব্যাহত রয়েছে অ্যামাজনের। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকা লেনোভো ও হুয়াওয়ের বিক্রি কমেছে যথাক্রমে ৩৭ ও ৪১ শতাংশ।
ক্যানালিসের বিশ্লেষক হিমানি মুক্কা বলেন, মহামারী-উত্তর ট্যাবলেট পিসির চাহিদা কমার পাশাপাশি সাম্প্রতিক ভোক্তা ব্যয় কমার বিষয়টি এতে প্রভাব ফেলেছে। স্কুল-কলেজে সরাসরি ক্লাস শুরু এবং ভোক্তাদের আউটডোর ব্যয় বেড়ে যাওয়ায় ট্যাবসহ বিভিন্ন ডিভাইস কেনার চাহিদা কমে গিয়েছে।
ট্যাবলেট বাজার হয়তো ২০২০ ও ২০২১ সালের চাঙ্গা অবস্থায় যাবে না। তবে বিভিন্ন নতুন ব্র্যান্ড জায়গা করে নিচ্ছে। এশিয়ার মতো বাজারে সাশ্রয়ী ও মাঝারি দামের ট্যাবের প্রবৃদ্ধি সম্ভাবনা অনেক।
শিক্ষা খাতে ক্রোমবুক পিসির চাহিদা কমার ফলে টানা কয়েক প্রান্তিক ধরে এ সেগমেন্টের বেহাল দশা চলছে। এর মধ্যেও ১০ লাখেরও বেশি ক্রোমবুক পিসি বিক্রির মাধ্যমে এ সেগমেন্টে শীর্ষস্থান এসারের। দ্বিতীয় স্থানে থাকলেও এইচপির ক্রোমবুক পিসি বিক্রি ২৭ শতাংশ কমে দাঁড়িয়েছে আট লাখ ইউনিট। শীর্ষ তিন ক্রোমবুক বিক্রেতা কোম্পানির মধ্যে লেনোভোর বিক্রি সর্বোচ্চ ৫০ শতাংশ কমেছে। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে চীনা কোম্পানিটির ক্রোমবুক বিক্রি হয়েছে ৭ লাখ ৬৮ হাজার, ২০২১ সালের একই প্রান্তিকে যেখানে তাদের বিক্রি হয়েছে ১৫ লাখ ২৫ হাজার ক্রোমবুক। চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা ডেল ও আসুসের ক্রোমবুক বিক্রি বছরওয়ারি কমেছে যথাক্রমে ১১ ও ৯ দশমিক ৬ শতাংশ।
ট্যাবলেট ও ক্রোমবুকসহ সার্বিক পিসি বাজারে ২২ শতাংশ হিস্যা নিয়ে শীর্ষ ব্র্যান্ড অ্যাপল। তৃতীয় প্রান্তিকে ২ কোটি ৩৪ লাখ পিসি বিক্রি করেছে অ্যাপল। ১ কোটি ৯৪ লাখ ইউনিট বিক্রির মাধ্যমে দ্বিতীয় স্থানে থাকা লেনোভোর হিস্যা ১৮ শতাংশ। চীনা কোম্পানিটির বিক্রি বছরওয়ারি ২১ শতাংশ কমেছে। শীর্ষ তিন কোম্পানির মধ্যে এইচপির পিসি বিক্রি সর্বোচ্চ ২৮ শতাংশ কমেছে। তৃতীয় প্রান্তিকে এইচপির পিসি বিক্রি হয়েছে ১ কোটি ২৭ লাখ ইউনিট। চতুর্থ স্থানে থাকা ডেলের পিসি বিক্রি হয়েছে ১ কোটি ২০ লাখ। গত বছরের একই প্রান্তিকের চেয়ে ডেলের বিক্রি ২১ শতাংশ কমেছে। পঞ্চম স্থানে থাকা স্যামসাংয়ের পিসি বিক্রি হয়েছে ৭৩ লাখ ইউনিট।










