ফেসবুক ও ইনস্টাগ্রামের কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে ২০২৪ নাগাদ কমিশন নেবে না মেটা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন মেটার শীর্ষ নির্বাহী (সিইও) মার্ক জাকারবার্গ। খবর দ্য ভার্জ।
সম্প্রতি জাকারবার্গ জানান, অতিরিক্ত আরো এক বছর কনটেন্ট ক্রিয়েটরদের কাছ থেকে কমিশন নেবে না মেটা। এর আগে বলা হয়েছিল, ২০২৩ নাগাদ কমিশন নেবে না সোশ্যাল মিডিয়া জায়ান্টটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ নাগাদ কমিশন গ্রহণ থেকে বিরত থাকবে তারা।
আরো বেশ কয়েকটি মনিটাইজেশন ফিচার আনার ঘোষণা দিয়েছেন জাকারবার্গ। এর মধ্যে রয়েছে জনপ্রিয় রিলসের জন্য ক্যাশ বোনাস, যা অনেকটা টিকটকের টিপিং ফিচারের মতো। এছাড়া যেসব ইনস্টাগ্রাম ভিডিও ফেসবুকে ক্রসপোস্ট করা হবে, সেগুলোও রিলস বোনাসের আওতাভুক্ত হবে বলে জানা গেছে। যোগ্য ক্রিয়েটরদের টিপস দিতে ফ্যানদের জন্য স্টারস ফিচার আনছে তারা। এর মাধ্যমে স্টারস ক্রয় করে প্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের টিপস দিতে পারবেন ভক্তরা। তবে স্টারস কিনতে গিয়ে মেটাকে অতিরিক্ত অর্থ দিতে হবে ব্যবহারকারীকে। কনটেন্ট ক্রিয়েটর ভক্তদের থেকে পাওয়া প্রতি স্টারসের জন্য এক পেনি করে পাবেন। অবশ্য মেটা থেকে ওই স্টারস ক্রয় করতে গ্রাহককে কিছুটা বেশি অর্থ দিতে হবে।
ইনস্টাগ্রামে এনএফটি সহায়তা আরো বাড়াতে যাচ্ছে মেটা। গত মাসে ইনস্টাগ্রামে এনএফটি প্রোফাইল চালু করে তারা। আরো অধিকসংখ্যক ব্যবহারকারীর জন্য এ সুযোগ উন্মুক্ত হতে যাচ্ছে। শিগগিরই এনএফটিকে ফেসবুক ও ইনস্টাগ্রাম স্টোরিজে যুক্ত করতে কাজ চলছে বলে জানায় সোশ্যাল জায়ান্টটি।










