স্মার্টফোন ব্যবহারের ক্ষেত্রে প্রায় সময়ই বিভিন্ন সমস্যা হয়। কখনো দুর্ঘটনাবশত ডিসপ্লে ভেঙে যায়, কখনো ব্যাটারি পরিবর্তন করতে হয়। আর মেরামত করার সক্ষমতাও পরিমাপ করা যায়। এ হিসেবে ২০২২ সালে মেরামতযোগ্য সেলফোন কোম্পানি হিসেবে অ্যাপলকে ছাড়িয়ে গেছে স্যামসাং। সম্প্রতি ইলেকট্রনিকস হাব পরিচালিত এক জরিপ সূত্রে এ তথ্য জানা গেছে। খবর গিজমোচায়না।

জরিপের তথ্যানুযায়ী, ২০২২ সালে বাজারে আনা স্যামসাং গ্যালাক্সি ফোনগুলোকে সবচেয়ে সহজে মেরামতযোগ্য বলে উল্লেখ করা হয়েছে। গ্যালাক্সি এ৪০ ও মটো জি৭-এর পর মেরামতযোগ্যতায় তৃতীয় স্থানে রয়েছে গ্যালাক্সি এস২২ আল্ট্রা। ২০১৩ ও ২০১৪ সালেও সহজে মেরামতযোগ্যতার দিক থেকে শীর্ষে ছিল স্যামসাং। এর পরই গুগল, মটোরোলা, অ্যাপল ও শাওমির কাছে অবস্থান হারায় দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি। তবে ২০২২ সালে মেরামতের দিক থেকে সবচেয়ে ভালো সেলফোন কোম্পানির খেতাব জিতে নিয়েছে স্যামসাং।