ইউরোপীয় স্টার্টআপ টেকনোলজি ফার্ম এবং কৃত্রিম বৃদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের জন্য ১১ কোটি ৫০ লাখ ডলারের তহবিল গড়েছে মুনফায়ার ভেঞ্চারস। খবর রয়টার্স।
অ্যাটোমিকোর সাবেক সহপ্রতিষ্ঠাতা ম্যাটিয়াস জুয়াংম্যান ২০২০ সালে গড়ে তোলেন মুনফায়ার ভেঞ্জারস। ইউরোপের বিভিন্ন ব্যবসায় বিনিয়োগের জন্য সংস্থাটি তহবিল সংগ্রহ করে থাকে। প্রতিষ্ঠানটির এভাবে তহবিল সংগ্রহের বিষয়টি ইউরোপের এআই খাতের প্রবৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এ নিয়ে জল্পনা-কল্পনা শুরু করেছেন বিশ্ব রাজনীতিবিদরা। কীভাবে এআই খাতকে আরো ভালোভাবে পরিচালনা করা যায় সে বিষয়ে বিশ্লেষণ চলছে।
ম্যাটিয়াস জুয়াংম্যান এক বিবৃতিতে বলেন, ‘এআই খাতের নেতৃত্বে শীর্ষে রয়েছে ইউরোপ। আমাদের লক্ষ্য পরবর্তী প্রজন্মকে আরো বেশি সমর্থন দেয়া, যেন স্বাস্থ্য, কর্ম, অর্থনীতি এবং গেমিং খাতে বড় চ্যালেঞ্জগুলো আমরা সমাধান করতে পারি।’
ইউরোপীয় ইউনিয়নের টেক চিফ মার্গেথ ভেস্টাজার এ সপ্তাহের শুরুর দিকে বলেন, ‘ইইউ ও যুক্তরাজ্য এআই খাতের জন্য পারস্পরিক সহযোগিতামূলক প্লাটফর্ম তৈরি করবে। কোনো আইন তৈরি এবং এর প্রয়োগ শুরু হওয়ার আগেই ন্যূনতম মানদণ্ড তৈরির ব্যাপারে আমরা সচেষ্ট।’










