অপ্রাপ্তবয়স্ক বা শিশুদের অনলাইন নিরাপত্তা নিশ্চিতে নতুন একটি সুরক্ষা আইনে স্বাক্ষর করেছেন ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম। প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনের তথ্যানুযায়ী, এ আইনের ফলে সামাজিক যোগাযোগমাধ্যম, গেমিং প্লাটফর্ম ও অন্যান্য পরিষেবা প্রতিষ্ঠান শিশুদের যেভাবে মূল্যায়ন করে সে পদ্ধতিতে পরিবর্তন আসবে। খবর গিজচায়না।

বিভিন্ন প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিরোধিতা সত্ত্বেও ক্যালিফোর্নিয়ার আইনসভা সর্বসম্মতিক্রমে গত আগস্টে বয়সভিত্তিক ডিজাইন কোড আইনটি পাস করে। এটি যুক্তরাষ্ট্রের প্রথম রাষ্ট্রীয় স্তরের বিধান, যেখানে ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের অনলাইন প্লাটফর্মে বিস্তৃত পরিসরে নিরাপত্তা প্রদানের বিষয়টি নিশ্চিতের কথা বলা হয়েছে।

ক্যালিফোর্নিয়ার আইনটির অধীনে বিভিন্ন ওয়েবসাইট ও অ্যাপকে প্রচলিত কিছু ফিচার বন্ধ করতে হবে। কার্যকরের পর থেকে ওয়েব ও অ্যাপগুলোকে অচেনা অজানা ব্যবহারকারীদের মেসেজ পাঠানো থেকে বিরত থাকতে হবে। কেননা এটি তরুণ ব্যবহারকারীদের জন্য হুমকির কারণ হতে পারে। পাশাপাশি অনলাইন পরিষেবাগুলোকে শিশুদের জন্য সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা চালু করতে হবে। এক বিবৃতিতে গভর্নর নিউসম বলেন, ক্যালিফোর্নিয়ার শিশুদের সুস্বাস্থ্য নিশ্চিতে ও সুরক্ষায় আমরা এ পদক্ষেপ নিচ্ছি।