চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে ডেস্কটপের জন্য আর্ক আলকেমিস্ট গ্রাফিকস কার্ড আনবে ইন্টেল। সে হিসাবে জুনে এর বাজারজাত শুরু হবে। সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্যাট গেলসিঙ্গার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর টেকরাডার।
গেলসিঙ্গার বলেন, এক্সিলারেটেড কম্পিউটিং সিস্টেমস অ্যান্ড গ্রাফিকস গ্রুপ (এএক্সজি) শিগগিরই আসছে। আমরা মোবাইলের স্টক কিপিং ইউনিট (এসকেইউ) চালু করেছি। দ্বিতীয় প্রান্তিকে ডেস্কটপের জন্য এসকেইউ আনা হবে।
ফেব্রুয়ারিতে বিনিয়োগকারীদের জন্য লিখিত এক প্রেস কিটে দেয়া ঘোষণায় ইন্টেল জানিয়েছিল, ২০২২ সালে এএক্সজি ৪০ লাখের বেশি আলাদা গ্রাফিকস প্রসেসিং ইউনিট সরবরাহ করবে। তবে মে বা জুনের আগে এগুলো বাজারজাত করা যাবে না বলেও জানিয়েছিল প্রতিষ্ঠানটি।
কম্পিউটারের আর্ক আলকেমিস্ট জিপিইউ বাজারজাতের আগে প্রসেসরের কার্যক্ষমতা যাচাইয়ে ইন্টেল মোবাইলের জন্য আলকেমিস্ট জিপিইউ পরীক্ষা করেছে। প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকরা কম্পিউটারের গ্রাফিকসটি ভালো প্রভাব বিস্তার করবে বলে ধারণা করছেন। জানুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে শক্তির দিক থেকে ইন্টেলের আর্ক আলকেমিস্ট এক্সই ৫১২ জিপিইউ এনভিডিয়ার আরটিএক্স ৩০৭০ টিআইকে ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছিল। পাশাপাশি এসআইসফটওয়্যার বেঞ্চমার্কের তথ্যও ফাঁস হয়। সেখানে এক্সই৫১২ প্রতি সেকেন্ডে ৯ হাজার ১৭ এমপিক্স রেকর্ড তৈরি করে। অন্যদিকে আরটিএক্স ৩০৭০ টিআইয়ের রেকর্ড ৮ হাজার ৩৬৯ এমপিক্স। গুঞ্জন রয়েছে, ডেস্কটপের নতুন ফ্ল্যাগশিপ জিপিইউতে ১৬ গিগাবাইট ভির্যামের পাশাপাশি ৪ হাজার ৯৬টি এক্সিকিউশন কোর থাকতে পারে। এর ক্লক স্পিড হবে ২.১ গিগাহার্টজ। তবে এটি মূল স্পিড না বুস্টেড হবে সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।










