ফটোজ অ্যাপে অ্যাপলের আইক্লাউড যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছে মাইক্রোসফট। অ্যাপলের ফটো ক্লাউড স্টোরেজ প্লাটফর্ম ব্যবহারকারীরা শিগগিরই তাদের মিডিয়া ফাইলগুলো উইন্ডোজের জন্য আইক্লাউড অ্যাপের মাধ্যমে সিঙ্ক করতে পারবে। খবর টেকরাডার।
অক্টোবরের সারফেস ইভেন্টে অ্যাপে আইক্লাউড যুক্ত করার বিষয়টি প্রকাশ করা হয়। ইভেন্টে নতুন সিরিজের ল্যাপটপ ও ক্যানভা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত গ্রাফিক ডিজাইন টুল মাইক্রোসফট ডিজাইনার উন্মোচন করা হয়েছে। কয়েক বছর ধরে সম্মিলিতভাবে কাজ করার লক্ষ্যে প্রতিষ্ঠান দুটি যে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সর্বশেষ পদক্ষেপ হচ্ছে এটি।
উইন্ডোজ ১০-এর জন্য খুবই হালকা আইক্লাউড অ্যাপের পাশাপাশি নতুন প্রজন্মের এক্সবক্স কনসোলের জন্য অ্যাপল টিভি অ্যাপও চালু করা হয়েছে। দুটি প্লাটফর্মের ক্লাউড স্টোরেজ একীভূতকরণ ছাড়াও মাইক্রোসফট এক্সবক্স ব্যবহারকারীদের জন্য অ্যাপল মিউজিক অ্যাপ আনার ঘোষণাও দিয়েছে। বর্তমানে ডাউনলোডের জন্য এটি উন্মুক্ত করে দেয়া হয়েছে।










