সংগীতশিল্পীরা যেন তাদের নন-ফাঞ্জিবল টোকেন বা এনএফটি প্রদর্শন করতে পারেন এ সুযোগ আনতে যাচ্ছে স্পটিফাই। বর্তমানে যুক্তরাষ্ট্রের কিছু অ্যান্ড্রয়েড ব্যবহারকারী শিল্পীর জন্য পরীক্ষামূলকভাবে এ সুবিধা চালু হচ্ছে। অডিও স্ট্রিমিং জায়ান্টটির এক মুখপাত্র এ তথ্য নিশ্চিত করেন। খবর দ্য ভার্জ।
মিউজিক অ্যালাইকে শেয়ার করা এক বিবৃতিতে স্পটিফাইয়ের মুখপাত্র বলেন, অল্প কয়েকজন শিল্পীর জন্য একটি বিশেষ সুবিধা চালু করছে স্পটিফাই। এতে থার্ড-পার্টির কাছে থাকা এনএফটি তার নিজস্ব পোর্টফোলিওতে যুক্ত করতে পারবেন শিল্পী।
তিনি আরো বলেন, শিল্পী ও ভক্তদের অভিজ্ঞতা আরো উন্নত করতে আমরা নিয়মিতই বিভিন্ন পরীক্ষা চালিয়ে আসছি।
করোনাকালে এনএফটি নিয়ে আগ্রহ তুঙ্গে পৌঁছায়। ২০২১ সাল ছিল সর্বোচ্চ এনএফটি কেনাকাটার বছর। চলতি বছরেও ডিজিটাল অ্যাসেটটিতে মনোযোগ বাড়িয়েছে বিভিন্ন কোম্পানি। এ তালিকায় সর্বশেষ সংযোজন সুইডেনভিত্তিক অডিও স্ট্রিমিং জায়ান্টটি।
মিউজিক অ্যালাই জানায়, স্পটিফাইয়ের মাধ্যমে এনএফটি বিক্রি থেকে কমিশন গ্রহণ করবে না স্ট্রিমিং প্লাটফর্মটি।










