বরাবরের মতো আইফোন ১৪ বাজারে আসতে না আসতেই ক্রেতাদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে। নতুন এ ফোন কেনার ক্ষেত্রে মাত্র কয়েক ঘণ্টা এগিয়ে থাকতে ভিন দেশে পাড়ি দিয়েছেন ভারতীয় এক গেজেট লাভার। খবর বিবিসি।

আলোচিত এ ব্যক্তির নাম ধীরাজ পল্লীল। ভারতে আইফোন বিক্রি শুরু হওয়ার আগেই আরেক দেশে গিয়ে ফোন কিনে তিনি এখন খবরের শিরোনাম কেরালার এ যুবক ।

আইফোন হাতে পেতে তর সইছিল না ধীরাজের। তাই দেশে বিক্রি শুরু হওয়ার কয়েক ঘণ্টা আগে হাজার মাইল পাড়ি দিয়ে গিয়েছেন দুবাই। আইফোনের সর্বশেষ এ সংস্করণের দাম এক লাখ ২৯ হাজার রুপি, সঙ্গে ভ্রমণ বাবদ খরচ হয়েছে ৪০ হাজার রুপি।

আইফোন সন্দেহাতীতভাবেই বিশ্বের অন্যতম লোভনীয় স্মার্টফোন। এর জন্য ভক্তদের পাগলামির অন্ত নেই। দোকানের বাইরে লাইন দিয়ে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকা তো আছেই, অনেকে আবার নিজের অঙ্গ বিক্রি করতেও আপস করেন না।

তবে ২৮ বছর বয়সী ধীরাজ এবারই প্রথম এমন কাজ করলেন, তা নয়। এর আগেও তিনবার আগে আইফোন কিনতে দুবাই ভ্রমণ করেছেন তিনি।