বন্ধ হয়ে যাওয়া এলসিডি টেলিভিশন প্যানেল উৎপাদনকারী ডিভিশন থেকে ৩০০ কর্মীকে সেমিকন্ডাক্টর উৎপাদন বিভাগে স্থানান্তরের সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং। এ বিষয়ে অবগত সূত্র দ্য কোরিয়া হেরাল্ডকে এ কথা জানায়। খবর গিজমোচায়না।

চীনের উৎপাদনকারীদের সঙ্গে তুমুল প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে চলতি মাসের শুরুতে টেলিভিশনের জন্য এলসিডি প্যানেল উৎপাদন কার্যক্রম বন্ধের ঘোষণা দিয়েছে দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট। ২০১০ সালের মাঝামাঝি সময়ে প্রযুক্তি জায়ান্টটি তাদের এলসিডি টেলিভিশন প্যানেল ব্যবসাও বন্ধ করে দিয়েছে।

১৯৯২ সালে প্রতিষ্ঠানটি এলসিডি প্যানেলের উৎপাদন কার্যক্রম শুরু করে। ২০২০ সালে স্যামসাং জানায়, এটি ক্রমান্বয়ে তাদের ডিসপ্লে ইউনিটের ব্যবসা বন্ধ করে দেবে। পাশাপাশি অধিক লাভজনক ও উচ্চক্ষমতাসম্পন্ন ওএলইডি প্যানেল উৎপাদনে মনোনিবেশ করবে। একই বছর প্রতিষ্ঠানটি তাদের ২০০ থেকে ৪০০ কর্মীকে ইলেকট্রনিকস ডিভাইস সলিউশন ডিভিশনে স্থানান্তর করে।

স্থানান্তরের বিষয়টি চিপ উৎপাদন খাতে মেধাবী ইঞ্জিনিয়ার ও কর্মী নিয়োগের বিষয়টি চিহ্নিত করছে। পাশাপাশি বিশ্বজুড়ে যখন চিপের চাহিদা ক্রমে বাড়ছে তখন বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী সংকটের মুখে পড়ছে। স্যামসাং ডিসপ্লে তাদের ওএলইডি প্যানেলের উৎপাদন ধীরে ধীরে বাড়ানোর বিষয়ে পরিকল্পনা গ্রহণ করেছে।