দেশের বাজারে নতুন ফ্ল্যাগশিপ স্মার্টফোন উন্মোচন করেছে সিম্ফনি। জেড ৪৭ নামের স্মার্টফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ৯০ হার্টজের রিফ্রেশ রেটসহ একাধিক ফিচার রয়েছে।
স্মার্টফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে অ্যান্ড্রয়েড ১২ দেয়া হয়েছে। এর আসপেক্ট রেশিও ২০:৯। অ্যান্টি ফিঙ্গারটাচ প্যানেলের সেলফোনটিতে ৬ দশমিক ৬ ইঞ্চির এইচডিপ্লাস ইনসেল ভি নচ ডিসপ্লে রয়েছে। যার রেজল্যুশন ১৬০০X৭২০ পিক্সেল।
ডিভাইসে ১ দশমিক ৬ গিগাহার্টজের শক্তিশালী অক্টা-কোর ইউনিসক টি৬০৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি ১২ ন্যানোমিটার প্রসেস নোডে তৈরি। এর গ্রাফিকস ৬৫০ মেগাহার্টজের। জেড ৪৭ ডিভাইসে ৪ জিবি ডিডিআর ফোর র্যাম দেয়া হয়েছে। এর মাধ্যমে মাল্টি টাস্কিংয়ে ভালো পারফরম্যান্স পাওয়া যাবে। ইন্টারনাল স্টোরেজের পরিমাণ ৬৪ জিবি। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে তা ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
শক্তিশালী চিপসেট ও জিপিইউ থাকায় ডিভাইসটি দিয়ে অ্যাসফাল্ট এইট, কল অব ডিউটিসহ প্রচলিত বিভিন্ন গেম খেলা যাবে। স্মার্টফোনটিতে ১ দশমিক ৮৫ অ্যাপারচারের ৫২ মেগাপিক্সেল ইউএইচডি রিয়ার ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। দুটি ক্যামেরাতেই স্যামসাং সেন্সর ব্যবহার করা হয়েছে। বিভিন্ন ফিচারের মধ্যে এতে এআই মোড, বোথ ক্যামেরা পোর্ট্রেট, এনহ্যান্সড লো লাইট ফটো, স্লো মোশন, প্যানোরামা ও ফেস বিউটি উল্লেখযোগ্য।
পাওয়ার ব্যাকআপ দিতে ডিভাইসটিতে ৫ হাজার ৩০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। ডিভাইসে দুটি ন্যানো সিম ব্যবহার করা যাবে। মেমোরি কার্ডের জন্য রয়েছে আলাদা স্লট। সিম্ফনি মোবাইলের সব আউটলেটে হানি ডিউ গ্রিন, লিনেন্ট ব্লু, ওসিয়ান গ্রিন ও শ্যাডো অ্যাশ কালারে স্মার্টফোনটি পাওয়া যাবে। অপারেটর বান্ডেল অফারসহ এর মূল্য ১১ হাজার ৪৯৯ টাকা (ভ্যাট ছাড়া)।










