গ্লোবাল ফাউন্ড্রিজের কাছ থেকে আরো ৪২০ কোটি ডলার মূল্যের সেমিকন্ডাক্টর ক্রয়ের বিষয়ে সম্মতি জানিয়েছে কোয়ালকম। এর মাধ্যমে ২০২৮ সাল নাগাদ মোট ৭৪০ কোটি ডলারের চিপ কিনবে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। সম্প্রতি প্রকাশিত নথি সূত্রে এ তথ্য জানা গেছে।

নতুন করে চিপ কেনার ঘোষণার আগে ৩২০ কোটি ডলারের একটি চুক্তি করেছিল প্রতিষ্ঠান দুটি। এর মাধ্যমে সে চুক্তি আরো প্রসারিত হলো। পাশাপাশি প্রতিষ্ঠানগুলো ফাইভজি ট্রান্সিভারস, ওয়াই-ফাই, অটোমোটিভ ও ইন্টারনেট অ ব থিংসের জন্য চিপ তৈরি করবে। সেলফোনের চিপ তৈরিতে অন্যতম প্রধান প্রতিষ্ঠান হলো কোয়ালকম। ২০২১ সালে প্রতিষ্ঠানটি গ্লোবালফাউন্ড্রিজের প্রথম গ্রাহক হিসেবে দীর্ঘমেয়াদে একটি চুক্তি করে। যেখানে বেশ কিছু প্রযুক্তির কথাও রয়েছে।

এক বিবৃতিতে গ্লোবাল ফাউন্ড্রিজের প্রধান নির্বাহী থমাস কলফিল্ড বলেন, নিউ ইয়র্কে অবস্থিত কারখানার অন্যতম দীর্ঘমেয়াদী গ্রাহক হিসেবে কোয়ালকমকে পাশে পেলে তা ফেডারেল ও প্রদেশ পর্যায়ে বিনিয়োগ পেতে সহায়তা করবে। যা দেশটিতে প্রতিষ্ঠানটির ব্যবসা বিস্তারে ইতিবাচক ভূমিকা রাখবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিনেট গত মাসে অভ্যন্তরীণ পর্যায়ে সেমিকন্ডাক্টর উৎপাদন শিল্পের জন্য নতুন আইন পাস করেছে। যেখানে সরকার সেমিকন্ডাক্টর উৎপাদনে ৫ হাজার ২০০ কোটি ডলার ভর্তুকি দেবে।