ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর অনেক প্রযুক্তিপ্রতিষ্ঠানের মধ্যে অ্যাপলও রাশিয়া ত্যাগ করেছে। কিন্তু ব্যবসায়িক কার্যক্রম গুটিয়ে নিলেও দেশটির অধিবাসীরা বাজারে আসা নতুন আইফোন ১৪ কেনার সুযোগ পাবে। সম্প্রতি রাশিয়া সরকারের ঊর্ধ্বতন পক্ষ থেকে এ কথা জানানো হয়। খবর সিএনএন।
রাশিয়া গত মার্চেই খুচরা বিক্রেতাদের বিদেশ থেকে পণ্য আমদানির জন্য বিধানাবলি প্রকাশ করে। সাধারণভাবেই প্রশ্ন ওঠে, ওই আইনে আইফোন আমদানি করা যাবে কিনা। রাশিয়ার শিল্প ও বাণিজ্যমন্ত্রী ডেনিস মানটুরভকে প্রশ্ন করা হলে তিনি হ্যাঁ সূচক জবাব দেন। অধিবাসীরা আইফোন কিনতে চাইলে অবশ্যই সে সুবিধা রাখা হবে।
রাশিয়া ইউক্রেন আক্রমণ করার এক সপ্তাহ পরেই অ্যাপল সেখান থেকে ব্যবসা গুটিয়ে নেয়। যদিও আইফোন, ম্যাকবুকসহ অ্যাপলের অন্যান্য পণ্য রাশিয়ায় সহজলভ্যই ছিল। ব্যবসায়ীরা দোকানে থাকা পুরনো মডেলগুলো বিক্রি বন্ধ করেননি। পাশাপাশি আমদানি বিধি মেনেই নতুন পণ্য সংগ্রহ করেছে।
নতুন সিরিজের আইফোন উন্মোচনের পর পরই রাশিয়ার মোবাইল নেটওয়ার্ক (এমটিএস) প্রি-অর্ডার শুরু করেছে। ৮৪ হাজার ৯৯০ রুবল বা ১ হাজার ৩৯৮ ডলার থেকে এর দাম শুরু। ১২০ দিনের মধ্যে ডেলিভারির কথা জানিয়েছে এমটিএস। রেখেছে অর্ডার বাতিলের ব্যবস্থাও। অবশ্য এ ব্যাপারে অ্যাপল তাত্ক্ষণিক কোনো মন্তব্য করেনি।
রাশিয়ার উপপ্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন মানটুরভ। গত মাসে দেয়া এক বিবৃতিতে তিনি বলেন, নতুন যে নিয়মাবলি কার্যকর করা হয়েছে সেখানে বিলাসবহুল গাড়ি থেকে শুরু করে পশ্চিমের দামি পোশাকও রয়েছে। চলতি বছর এগুলোর বাজার ১ হাজার ৬০০ কোটি ডলারে পৌঁছাবে, যা ২০২১ সালে রাশিয়ার মোট আমদানির প্রায় ৪ শতাংশ।










