ভারতের নয়ডায় নতুন গবেষণা ও উৎপাদন কেন্দ্র চালু করেছে স্যামসাং ইন্ডিয়া। অবকাঠামোগত দিক থেকে এটি শহরটির অন্যতম আকর্ষণীয় স্থাপনা এবং এটি আইজিবিসি এলইইডি প্লাটিনাম রেটেড ক্যাম্পাসে অবস্থিত। খবর গ্যাজেটসনাউ।

নয়ডা গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়েতে অবস্থিত ক্যান্ডর টেকস্পেস ভবনের ১০ তলায় ৩ লাখ ৭৭ হাজার ১১৮ বর্গফুট জায়গাজুড়ে নতুন অফিসটি অবস্থিত। প্রতিষ্ঠানটি জানায়, ইন্ডিয়া গেট থেকে ভবনটির নকশা প্রণয়নের অনুপ্রেরণা নেয়া হয়েছে। সেই সঙ্গে এসআরআই-এন অফিসটি যুগান্তকারী উদ্ভাবন ও নতুন সমাধান দেয়ার জন্য নির্মিত।

এসআরআই-এন অফিসটি এগালিটারিয়ান লিনিয়ার ওয়ার্কস্টেশন ধারণার ওপর নির্মিত। ভবনের প্রতিটি ফ্লোরের প্রবেশমুখে আলাদা সোশ্যাল হাব রয়েছে। যেখানে কর্মীদের মধ্যে যোগাযোগ, মিথস্ক্রিয়া ও সহযোগিতার চর্চা করা হবে। নতুন অফিসটি স্যামসাং এমনভাবে তৈরি করেছে, যেখানে অধিকাংশ কর্মী সূর্যের আলোর সংস্পর্শে থাকার পাশাপাশি সোশ্যাল হাব, বিনোদন গ্রহণ ও মিটিং রুম ব্যবহার করতে পারবেন।

নতুন গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে উচ্চতা নিয়ন্ত্রণের সুবিধাযুক্ত ওয়ার্কস্টেশন দেয়া হয়েছে। এর মাধ্যমে কর্মীরা তাদের পছন্দ ও সুবিধা অনুযায়ী দাঁড়িয়ে, বসে যেকোনোভাবে কাজ করতে পারবেন। পাশাপাশি কর্মীরা পছন্দের জায়গায় বসতেও পারবেন। কর্মীদের জন্য সিট নির্ধারণের একটি অ্যাপও রয়েছে। এর মাধ্যমে যে কেউ আগামী এক সপ্তাহ অফিসে কোথায় বসবেন সেটি নির্ধারণ করতে পারবেন এবং তার বিভাগের অন্য কর্মীরা একসঙ্গে বসে কাজে সহযোগিতা করতে পারবে।

 নতুন অফিসে আইজিবিসি এলইইডি প্লাটিনাম রেটিং রয়েছে এবং দেশটির ব্যুরো অব এনার্জি এফিসিয়েন্সি ফাইভ স্টার রেটিং দিয়েছে।