ক্লাউড সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ভিএমওয়্যার ইনকরপোরেশন অধিগ্রহণের আলোচনা চালাচ্ছে চিপ নির্মাতা কোম্পানি ব্রডকম। বিষয় সম্পর্কে অবগত কয়েকটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।
সূত্রগুলো বলছে, ব্রডকম ও ভিএমওয়্যারের মধ্যে আলোচনা চলছে। এখনো সবকিছু চূড়ান্ত হয়নি। চুক্তির বিস্তারিত তথ্য সম্পর্কে এখনো জানা যায়নি।
ভিএমওয়্যার অধিগ্রহণের মাধ্যমে ব্রডকমের ব্যবসায় বৈচিত্র্য আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেমিকন্ডাক্টর থেকে এন্টারপ্রাইজ সফটওয়্যারের দিকে ঝুঁকছে প্রতিষ্ঠানটি। গত চার বছরে দুটি বৃহৎ অধিগ্রহণ করেছে চিপ নির্মাতা কোম্পানিটি। এর মধ্যে ১ হাজার ৮৯০ কোটি ডলার অধিগ্রহণ করেছে সিএ টেকনোলজিস। এছাড়া সিমানটেক করপোরেশনের সিকিউরিটি ডিভিশন অধিগ্রহণ করে ১ হাজার ৭০ কোটি ডলারে।
ভিমওয়্যার অধিগ্রহণ নিয়ে ব্রডকমের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বার্তা সংস্থা রয়টার্সের কাছে কোনো তথ্য শেয়ার করেনি। গত শুক্রবার সপ্তাহের লেনদেন শেষে ভিএমওয়্যারের বাজার মূলধন দাঁড়িয়েছিল ৪ হাজার ৩০ কোটি ডলার।
রেফিনিটিভের উপাত্তে দেখা গেছে, ৪০ শতাংশ শেয়ার নিয়ে ভিএমওয়্যারের শীর্ষ শেয়ারহোল্ডার ডেল টেকনোলজিসের প্রতিষ্ঠাতা মাইকেল ডেল। অন্যদিকে ১০ শতাংশ শেয়ার নিয়ে ভিএমওয়্যারের দ্বিতীয় সর্বোচ্চ শেয়ারহোল্ডার সিলভার লেক নামে একটি প্রাইভেট ইকুইটি ফার্ম।










