কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস অ্যাওয়ার্ডে উল্লেখযোগ্য স্বীকৃতি অর্জন করেছে আসুস। জেনবুক প্রো ১৪ ডুও ওএলইডি (ইউএক্স৮৪০২) ল্যাপটপটির জন্য কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ড অর্জন করেছে কোম্পানিটি। এছাড়া এক্সপার্টবুক বি৯ ওএলইডি নামে আসুসের বিজনেস ল্যাপটপটি সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড পেয়েছে।
অন্যান্য ক্যাটাগরিতেও পুরস্কার পেয়েছে প্রযুক্তি কোম্পানিটি। পুরস্কারপ্রাপ্ত ল্যাপটপগুলোর মধ্যে রয়েছে এক্সপার্টবুক বি৯ ওএলইডি, প্রোআর্ট স্টুডিওবুক ১৬ ওএলইডি (এইচ৭৬০৪), স্টুডিওবুক ১৬ থ্রিডি ওএলইডি (এই৭৬০৪জেআই) এবং স্টুডিওবুক প্রো ১৬ ওএলইডি (ডাবলইউ৭৬০৪)।
আরো রয়েছে আরওজি (রগ) র্যাপচার জিটি-বিই৯৮ রাউটার; আরওজি (রগ) সুইফট ওএলইডি পিজি৪৯ডাবলইউসিডি মনিটর; আরওজি (রগ) ম্যাক্সিমাস জেড৭৯০ এক্সট্রিম মাদারবোর্ড; আসুস হেলথক্লাব রিমোট-কেয়ার সলিউশন এবং আসুস পিআইএনবিও রোবট।
আসুস করপোরেট ভাইস প্রেসিডেন্ট এবং পিসি বিজনেস ইউনিটের প্রধান রেক্স লি বলেন, ‘গ্রাহকের যুগান্তকারী প্রযুক্তি ও ব্যতিক্রমী অভিজ্ঞতা প্রদানে আমাদের যে অবিরাম প্রচেষ্টা, কম্পিউটেক্স ২০২৩-এর এ প্রাপ্তিগুলো তারই প্রমাণ। ডিজাইন, কর্মক্ষমতা, স্থায়িত্ব এবং উদ্ভাবনী পণ্য তৈরি করা নিয়ে আমাদের দেয়া প্রতিশ্রুতি স্বীকৃত হয়েছে, যা আমাদের গ্রাহককে অনুপ্রাণিত করে।
কম্পিউটেক্স ২০২৩ বেস্ট চয়েস গোল্ডেন অ্যাওয়ার্ডপ্রাপ্ত জেনবুক প্রো ১৪ ডুও ওএলইডি ল্যাপটপটি আসুস লুমিনা ওলেড ডিসপ্লের সঙ্গে একটি নতুন মান স্থাপন করেছে। আসুসের আইসকুল প্লাস প্রযুক্তি এবং এএএস আল্ট্রা মেকানিজমের উদ্ভাবনী সমন্বয় বিদ্যুতের ব্যবহার কমাতে সক্ষম। এটি গ্রাহকে বা ক্রিয়েটরদের ভিজ্যুয়াল অভিজ্ঞতা বাড়ায়। একই সঙ্গে কর্মক্ষমতা বাড়াতেও সহায়তা করে। সাসটেইনেবল টেক স্পেশাল অ্যাওয়ার্ড প্রাপ্ত এক্সপার্টবুক বি৯ ওএলইডি (বি৯৪০৩) বিজনেস ল্যাপটপটি স্থায়িত্বকে প্রাধান্য দিয়ে তৈরি করা, যেটি কর্মক্ষমতায় দুর্দান্ত।










