টেলিগ্রাম ও সিগন্যালের মতো প্রতিযোগীদের সঙ্গে টিকে থাকতে প্রতিনিয়ত নতুন সব ফিচার আনতে কাজ করছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। বর্তমানে চ্যাটবটের পরীক্ষা চালাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। খবর ইটিটেলিকম।
ওয়াবেটাইনফো প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপ বর্তমানে নতুন একটি চ্যাটবটের উন্নয়নে কাজ করছে। যেটি ব্যবহারকারীদের অফিশিয়াল একটি অ্যাকাউন্টের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এবং এটি নতুন কোনো ফিচার আসার আগে মেসেজের মাধ্যমে জানাবে। প্রতিবেদনের তথ্যানুযায়ী, ফিচারটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। প্রতিবেদনে চ্যাটবটটি কীভাবে কাজ করবে সে-সংক্রান্ত স্ক্রিনশট প্রকাশ করেছে।
প্রতিবেদনে বলা হয়, চ্যাট চালু করার পর ব্যবহারকারীরা নোটিফিকেশন দেখতে পারবে। যেখানে নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত তথ্য ও হোয়াটসঅ্যাপের টিপস থাকবে। পাশাপাশি নিরাপত্তা ও ব্যক্তি সুরক্ষার বিষয়েও জানানো হবে। অন্যদিকে অফিশিয়াল অ্যাকাউন্টগুলো বিজনেস অ্যাকাউন্টের বিপরীত হবে। কেননা এখানে ব্যবহারকারীরা মেসেজের কোনো উত্তর দিতে পারবে না। প্রতিবেদনে বলা হয়, এন্ড-টু-এন্ড এনক্রিপশন সুবিধার মাধ্যমে অফিশিয়াল অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারীদের মেসেজ পাঠানো হবে।










