দেশের বাজারে পাওয়া যাচ্ছে হুয়াওয়ের মেটবুক ডি১৫। এতে রয়েছে ইন্টেলের ১১তম জেনারেশন কোরআই৫ প্রসেসর। ফলে হুয়াওয়ের আগের যেকোনো প্রজন্মের কম্পিউটারের তুলনায় অধিকতর স্মার্ট ও উন্নত ফিচারসমৃদ্ধ নতুন এ মেটবুকটি সব অবস্থাতেই অসাধারণ পারফরম্যান্স ও অভিজ্ঞতা দেবে বলে দাবি প্রতিষ্ঠানটির। বাংলাদেশে হুয়াওয়ে মেটবুক ডি১৫-এর দাম পড়বে ৭৩ হাজার ৯৯৯ টাকা।
হুয়াওয়ে মেটবুক ডি১৫-তে মাল্টি স্ক্রিন কোলাবোরেশন, ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার, ডুয়াল অ্যান্টেনা ওয়াই-ফাই ৬ ও রিভার্স চার্জিংয়ের মতো উদ্ভাবনী প্রযুক্তি যুক্ত করা হয়েছে। আগের তুলনায় দ্রুত গ্রাফিকস প্রসেসিং ক্ষমতা প্রদানের লক্ষ্যে এতে ইন্টেল আইরিস এক্সই গ্রাফিকস কার্ড রয়েছে, যার ফলে মেটবুক ব্যবহারকারীরা প্রয়োজনীয় কাজের ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতা পাবেন বলে দাবি হুয়াওয়ের।
মেটাল বডির মিনিমালিস্ট ডিজাইনে তৈরি হুয়াওয়ের নতুন মেটবুকটিতে একটি ১৫ ইঞ্চি ফুল এইচডি আইপিএস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে একীভূত রয়েছে, যার ৮৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ১৬:৯ অ্যাসপেক্ট রেশিও ভিউয়িংয়ের ক্ষেত্রে সিনেমাটিক অভিজ্ঞতা দেবে। গুণগত মানের উত্কর্ষ সাধনে প্রতিশ্রুতিবদ্ধ হুয়াওয়ের তৈরি স্লিম ডিজাইনের ১ কেজি ৫৬০ গ্রাম ওজনের প্রতিটি মেটবুক ডি১৫-তে ব্যবহারকারীর প্রয়োজনীয় বৈচিত্র্যপূর্ণ পোর্টের সমাহার রয়েছে।
হুয়াওয়ের সুপারচার্জ সমর্থিত মেটবুক ডি১৫-তে বন্ধ থাকা অবস্থায়ও রিভার্স চার্জিং সুবিধা পাওয়া যাবে। হুয়াওয়ের সর্বাধুনিক সব প্রযুক্তি ছাড়াও ফিঙ্গারপ্রিন্ট পাওয়ার বাটন, রিসিজড ক্যামেরা এবং অন্যান্য উন্নত ফিচার মেটবুক ডি১৫-কে অধিকতর ব্যবহারকারীবান্ধব ডিভাইস করে তুলবে।










