বিভিন্ন দেশের সরকার ও সরকারি প্রতিষ্ঠানের গ্রাহকদের জন্য বিশেষ একটি পাবলিক ক্লাউড উন্মোচন করল মাইক্রোসফট। মাইক্রোসফট ক্লাউড ফর সভরিনটি নামে এ ক্লাউড পরিষেবায় থাকবে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। এ পরিষেবার মাধ্যমে গ্রাহকরা তাদের ডাটার ওপর অধিকতর নিয়ন্ত্রণ এবং ক্লাউডে পরিচালন ও সুশাসনে অধিকতর স্বচ্ছতা নিশ্চিতের সুযোগ পাবেন। নিজস্ব ওয়েবসাইটে শেয়ার করা এক ব্লগপোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মাইক্রোসফট।
ইতালীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান লিওনার্দো এবং বেলজিয়ামভিত্তিক টেলিকম প্রতিষ্ঠান প্রক্সিমাসের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে ক্লাউডটি উন্মোচন করা হয়। মহামারীর সময়ে পাবলিক সেক্টরে বিশেষ ডিজিটাল অগ্রগতি এবং বিশেষ করে অ্যামাজন ও গুগলের সঙ্গে পাল্লা দিতে এ সিদ্ধান্ত মাইক্রোসফটের।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, ২০২৭ সালের মধ্যে বিশ্বব্যাপী সরকারি ক্লাউডের বাজার দাঁড়াতে পারে ৭ হাজার ১২০ কোটি ডলার। যেখানে ২০২১ সালে ছিল ২ হাজার ৭৬০ কোটি ডলার।
প্রতিষ্ঠানটির করপোরেট ভাইস প্রেসিডেন্ট কোরি স্যান্ডার্স বলেন, আশা করছি, বিশ্বব্যাপী আমাদের ক্রেতা থাকবে। তবে প্রথম কিছু ক্রেতা থাকবে ইউরোপভিত্তিক। ক্রেতাদের সঙ্গে একটি প্রাইভেট প্রিভিউ পরিচালনা করা হবে।
মাইক্রোসফট জানায়, সর্বাধুনিক প্রযুক্তি এবং কম খরচ ছাড়াও তাদের এ ক্লাউড পণ্যটি ডাটা গভর্নেন্স, সিকিউরিটি কন্ট্রোল, নাগরিকদের গোপনীয়তা, ডাটা রেসিডেন্সিসহ সব ধরনের প্রয়োজনীয়তাই পূরণ করবে।










