প্রযুক্তি বাজারে প্রতিনিয়ত নতুন মডেলের সেলফোন যুক্ত হচ্ছে। বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছে ফোল্ডেবল ডিভাইস। সবশেষ গুগল পিক্সেল সিরিজে ফোল্ডেবল ডিভাইস উন্মোচন করেছে। আগে থেকে এ ক্যাটাগরিতে শীর্ষে স্যামসাং। চলতি বছর দক্ষিণ কোরিয়ার এ প্রযুক্তি জায়ান্ট ১ কোটি ৫০ লাখ ইউনিট ফোল্ডেবল ডিভাইস বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। খবর টেকটাইমস।
২০১৯ সালে গ্যালাক্সি ফোল্ড প্রথম বাজারজাত করে স্যামসাং। এর মাধ্যমে ফোল্ডেবলের বাজারে নতুন মাইলফলকের সূচনা করে প্রযুক্তি জায়ান্টটি। এর পর থেকে কোম্পানিটি এখন পর্যন্ত একাধিক মডেলের ফোল্ডেবল বাজারজাত করেছে।
গিজচায়নায় প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গ্যালাক্সি জেড ফ্লিপ ৫ ও জেড ফোল্ড ৫ ছাড়া আরো কিছু ডিভাইস আনবে কোম্পানিটি। যার অধিকাংশই নতুন ফোল্ডেবল। সম্পূর্ণ নতুন সিরিজ হিসেবেই এগুলো বাজারজাত করা হবে এবং এগুলো গ্যালাক্সি এস২৩ সিরিজের স্থলাভিষিক্ত হবে না বলে সূত্রে জানা গেছে।
মার্চে নোটবুকচেকডটকম জানায়, ২০২২ সালে স্যামসাং ৮০ শতাংশের বেশি ফোল্ডেবল ডিভাইস বিক্রি করেছে। তাই চলতি বছর দেড় কোটির বেশি ফোল্ডেবল ডিভাইস বিক্রির লক্ষ্যমাত্রা অর্জন স্যামসাংয়ের জন্য কঠিন হবে না। কেননা ২০২১ সালে কোম্পানিটি ১ কোটি ইউনিট ডিভাইস বিক্রি করেছে। ২০২১ সালের বিক্রি ২০২০ সালের ফোল্ডেবল ডিভাইস বিক্রির তুলনায় ৩০০ শতাংশ বেশি। ফোল্ডেবল ডিভাইসের ক্রমবর্ধমান জনপ্রিয়তা ও অন্য কোম্পানিগুলোর প্রতিযোগিতার কারণে স্যামসাং চলতি বছরের জন্য নতুন এ লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
গিজচায়নার প্রতিবেদনে বলা হয়, ফোল্ডেবল সেলফোনের গ্রহণযোগ্যতার বিষয়টি স্যামসাংয়ের নজরে এসেছে। রেগুলার গ্রাহকই নয়, এন্টারপ্রাইজ পর্যায়েও চাহিদার দ্বিগুণের বেশি বেড়েছে। এন্টারপ্রাইজ পর্যায়ে ব্যবহার ছাড়াও বছরওয়ারি হিসেবে স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ও জেড ফ্লিপের বিক্রি বাড়তে দেখেছে।










