ক্লাউড অ্যাপ্লিকেশন প্লাটফর্ম হেরোকুতে সম্প্রতি পরিচালিত সাইবার হামলায় গিটহাব ইন্টিগ্রেশন ওঅথের টোকেনের পাশাপাশি গ্রাহকদের তথ্য চুরি হয়েছে। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। খবর টেকরাডার।
সাইবার হামলার পর ঘটনা সম্পর্কিত আরো বিস্তারিত তথ্যের জন্য কমিউনিটি থেকে চাপ আসতে থাকে। সেলসফোর্স মালিকানাধীন প্রতিষ্ঠানটি ব্যবহারকারীদের পাসওয়ার্ড পরিবর্তনের ইমেইল পাঠানো শুরু করলে চাপ আরো বাড়তে থাকে। চাপের মুখে প্রতিষ্ঠানটি জানায়, হ্যাকাররা প্রতিষ্ঠানের ডাটাবেজে থাকা ব্যবহারকারীদের লগ ইন ক্রিডেনশিয়াল হাতিয়ে নেয়ার জন্য চুরীকৃত টোকেনগুলো ব্যবহার করেছে।
নিরাপত্তাসংক্রান্ত এক বিবৃতিতে সেলসফোর্স জানায়, গ্রাহকদের চুরীকৃত পাসওয়ার্ড ও লগইন ক্রিডেনশিয়াল পরিষ্কার করে অ্যাকাউন্টের নিরাপত্তা নিশ্চিতেই এ উদ্যোগ নেয়া হয়েছে। আমরা হেরোকুর অভ্যন্তরীণ ক্রিডেনশিয়াল ঘুরিয়ে দিয়েছি এবং শনাক্তকরণ পদ্ধতি যুক্ত করে দিয়েছি। পাশাপাশি সাইবার হামলা ও টোকেন চুরির বিষয়ে গভীর তদন্ত চলছে।










