মডুলার ও সহজে মেরামতযোগ্য ল্যাপটপ উৎপাদনের মাধ্যমে পরিবেশে ইলেকট্রনিক বর্জ্য কমাতে কাজ করছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান ফ্রেমওয়ার্ক। বর্তমানে প্রতিষ্ঠানটি তাদের মডুলার ল্যাপটপের রিফারবিশড ভার্সন বিক্রির উদ্যোগ হাতে নিয়েছে। খবর এনগ্যাজেট।
৩০ দিনের মধ্যে ফেরত নেয়ার যে গ্যারান্টি দেয়া হয় সেখান থেকেই এ ডিভাইসগুলো আসে। এগুলোতে নতুন ল্যাপটপের মতো আধুনিক ও উন্নত যন্ত্রাংশ দেয়ার প্রতিশ্রুতির পাশাপাশি নতুন মডেলগুলোর তুলনায় আরো কম দামে সরবরাহ করা হয়। ল্যাপটপের পাশাপাশি প্রতিষ্ঠানটি বর্তমানে তাদের এক্সপ্যানশন প্যাক ইউএসবি-সি, ইউএসবি-এ, এইচডিএমআইসহ অন্যগুলোর রিফারবিশড ভার্সনও বিক্রি করছে।
গ্রাহকদের থেকে পণ্য ফেরত নেয়া বা মেরামত শেষে ফিরিয়ে দেয়ার বিষয়টি বিস্তারিত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন হয়। এ সময় যদি কোনো যন্ত্রাংশ সঠিকভাবে কাজ না করে তাহলে প্রতিষ্ঠান সেটি বদলে দেয়। এরপর ডিভাইসগুলোর কার্যক্ষমতার বিষয়টি দেখা হয় ও পরিষ্কার করা হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির সবচেয়ে সাশ্রয়ী মূল্যের রিফারবিশড ল্যাপটপটিতে ইন্টেলের কোর আই৫-১১৩৫জি৭ প্রসেসর রয়েছে, যার দাম ৬০০ ডলার। তবে এর সঙ্গে কোনো মেমোরি, ওয়াই-ফাই, পাওয়ার অ্যাডাপ্টার, অপারেটিং সিস্টেম ও মেমোরি বাড়ানোর সুবিধা নেই। অন্যদিকে একই ডিভাইসের নতুন ভার্সনের দাম ৬৮০ ডলার।










