শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজিতে (আইইউটি) ইন্টারনেট নিরাপত্তার ওপর কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালাটির আয়োজন করে শর্ট ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক এবং তরুণ বাংলাদেশীদের নলেজ শেয়ারিং প্ল্যাটফর্ম ইয়ুথ পলিসি ফোরাম (ওয়াইপিএফ)।
শাবিপ্রবির জিডিএন-সাস্ট এবং আইইউটির ক্যারিয়ার ও বিজনেস সোসাইটি ক্লাব এতে সহযোগিতা করে। নিরাপদ ইন্টারনেট ব্যবহার নিয়ে তাদের পঞ্চম এবং সর্বশেষ রাউন্ডের অনলাইন কর্মশালা অনুষ্ঠিত হয়। সম্প্রতি অনুষ্ঠিত এ কর্মশালায় অনলাইন সুরক্ষা এবং নিরাপত্তা সম্পর্কে মূল্যবান ধারণা পেতে দেশব্যাপী মোট ১০০ জন অংশগ্রহণকারী যোগদান করেছেন।
আয়োজকরা জানিয়েছেন, ‘নিরাপদ ইন্টারনেট, নিরাপদ তুমি’ শিরোনামে এ প্রচারণা চালায় টিকটক এবং ওয়াইপিএফ। অংশগ্রহণকারীদের সাইবার বুলিং, ফিশিং, অনলাইন আর্থিক কেলেঙ্কারি ইত্যাদি বিষয়েও সাধারণ ধারণা দেয়া হয়। সাইবার বুলিং বা অনলাইন হয়রানির প্রভাব এবং এগুলো কীভাবে মোকাবেলা করা যায় সে সম্পর্কেও তাদের জানানো হয়।










