চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আয় বাড়লেও প্রত্যাশিত গ্রাহক বাড়েনি যুক্তরাষ্ট্রের শীর্ষস্থানীয় টেলিকম কোম্পানি ভেরাইজনের। সম্প্রতি প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে ভেরাইজন জানায়, এপ্রিল-জুন প্রান্তিকে তাদের আয় ৯ দশমিক ১ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৬০ কোটি ডলার। ট্র্যাকফোন অধিগ্রহণ, যন্ত্রাংশ বিক্রি থেকে আয় বৃদ্ধি, কোর ওয়্যারলেস সেবা থেকে আয় বৃদ্ধিতে ভেরাইজনের আয় বেড়েছে।

বিশ্লেষকদের পূর্বাভাস ছিল, দ্বিতীয় প্রান্তিকে ১ লাখ ৬৭ হাজার নতুন পোস্টপেইড গ্রাহক পাবে ভেরাইজন। কিন্তু মাত্র ১২ হাজার নতুন পোস্টপেইড গ্রাহক পেয়েছে মার্কিন টেলিকম জায়ান্টটি।

ভেরাইজন চেয়ারম্যান ও সিইও হানস ভেস্টবার্গ জানান, বর্তমানে মূল্যস্ফীতির যে ভয়াল দশা তা ভোক্তা আচরণে সুস্পষ্ট প্রভাব রেখেছে। এছাড়া গ্রাহক টানতে টেলিকম কোম্পানিগুলোর তীব্র প্রতিযোগিতাও এতে ভূমিকা রেখেছে।

এপ্রিল-জুন প্রান্তিকে ভেরাইজনের পরিচালন আয় গত বছরের একই সময়ের ৩ হাজার ৩৭৬ কোটি ডলার থেকে শূন্য দশমিক ১ শতাংশ বেড়ে ৩ হাজার ৩৭৯ কোটি ডলারে দাঁড়িয়েছে। ৩০ জুন নাগাদ চলতি বছরের প্রথম ছয় মাসে ভেরাইজনের পরিচালন আয় হয়েছে ৬ হাজার ৭৩৪ কোটি ডলার। গত বছরের একই সময়ের ৬ হাজার ৬৬৩ কোটি ডলারের চেয়ে যা ১ দশমিক ১ শতাংশ বেড়েছে। গত বছর জানুয়ারি-জুনে ভেরাইজনের নিট আয় ছিল ১ হাজার ১১৩ কোটি ডলার। চলতি বছরের প্রথমার্ধে তা ১১ দশমিক ৫ শতাংশ কমে ১ হাজার ৩ কোটি ডলারে দাঁড়িয়েছে।

ফাইভজি সি-ব্যান্ড স্পেকট্রাম সম্প্রসারণে অতিরিক্ত ৫০০ থেকে ৬০০ কোটি ডলার ব্যয়ের পরিকল্পনা ভেরাইজনের। চলতি বছরে ওয়ারলেস সার্ভিস প্রবৃদ্ধি পূর্বাভাস কমিয়ে ৮.৫ থেকে ৯.৫ শতাংশ রাখা হচ্ছে। আগে যেখানে পূর্বাভাস ছিল ৯-১০ শতাংশ।