২০২২ সালের অক্টোবরে টুইটার অধিগ্রহণ করেন ইলোন মাস্ক। এরপর বিভিন্ন পরিবর্তন আনার মাধ্যমে সমালোচনার পাত্রে পরিণত হন মাস্ক। মাঝে মাইক্রোব্লগিং প্লাটফর্মের মালিকানা পরিবর্তনে টুইটারে ভোটিংয়ের আয়োজনও করেন। সম্প্রতি আবারো নতুন প্রধান নির্বাহী খুঁজে পাওয়ার কথা জানিয়েছেন ইলোন মাস্ক। তবে তিনি কে তার নাম প্রকাশ করেননি বর্তমান প্রধান। খবর রয়টার্স।
অন্যদিকে দ্য ওয়াল স্ট্রিস জার্নাল প্রকাশিত প্রতিবেদনে এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিপণন নির্বাহী লিন্ডা ইয়াকারিনোকে নির্বাহী হিসেবে নিয়োগ পাওয়ার তালিকায় এগিয়ে রেখেছে। অন্যদিকে এক টুইট বার্তায় মাস্ক জানান, টুইটারের জন্য নতুন প্রধান নির্বাহী নিয়োগ দেয়া হয়েছে। তার বিষয়ে ঘোষণা দেয়ার জন্য আমি উদগ্রীব। ছয় সপ্তাহের মধ্যে তিনি কাজ করা শুরু করবেন। তিনি আরো জানান, কয়েক সপ্তাহের মধ্যেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমটির প্রধান প্রযুক্তি কর্মকর্তা হিসেবে কাজ শুরু করবেন।
নিয়োগের বিষয়ে অবগত সূত্রের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, মাইক্রোব্লগিং প্লাটফর্মটির প্রধান নির্বাহী হিসেবে ইয়াকারিনো সবার ওপরে রয়েছেন।
ইয়াকারিনো এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিপণন বিভাগের শীর্ষ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত মাসে মিয়ামিতে একটি কনফারেন্সে তিনি ইলোন মাস্কের সাক্ষাৎকার নিয়েছিলেন। সম্মেলনে, ইয়াকারিনো দর্শকদের করতালি দিয়ে মাস্ককে স্বাগত জানাতে উৎসাহিত এবং তার কাজের প্রশংসা করেন।
মার্কিন করপোরেট জগতে লিন্ডা পরিচিত নাম। এক দশকেরও বেশি সময় বহুজাতিক মিডিয়া সংস্থা এনবিসি ইউনিভার্সালের সঙ্গে কাজ করছেন। সংস্থার বিজ্ঞাপন-সমর্থিত স্ট্রিমিং পরিষেবা পিকক চালুর ক্ষেত্রে মূল ভূমিকা পালন করেছেন তিনি।
টার্নার এন্টারটেইনমেন্টে ১৯ বছর কাজের অভিজ্ঞতা রয়েছে লিন্ডার। নেটওয়ার্কটির বিজ্ঞাপন খাতকে ডিজিটাল দুনিয়ায় পথ দেখানোর কৃতিত্বও তার।
লিন্ডা ইয়াকারিনো পড়াশোনা লিবারেল আর্টস ও টেলিকমিউনিকেশনে। পেন স্টেট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তিনি।










