গত দুই বছরে কভিড-১৯ মহামারীর কারণে প্রায় ২ কোটি ৮০ লাখ ভারতীয় পেশাদার নেটওয়ার্কিং প্লাটফর্ম লিংকডইনে যোগ দিয়েছে। বিশ্বব্যাপী ব্যবহারকারীর ক্ষেত্রে ভারত এ প্লাটফর্মের জন্য দ্রুততম বর্ধনশীল দেশ হিসেবেও আবির্ভূত হয়েছে। লিংকডইনের একজন সিনিয়র কর্মকর্তা দ্য হিন্দুকে এ তথ্য জানিয়েছেন।
লিংকডইন ভারতের কান্ট্রি ম্যানেজার আশুতোষ গুপ্তা দ্য হিন্দুকে দেয়া এক সাক্ষাত্কারে জানান, ২০২০ সালে ভারতে লিংকডইনের ব্যবহারকারী ছিল ৬ কোটি ৪০ লাখ, যা আজ ৯ কোটি ২০ লাখে দাঁড়িয়েছে। কভিড-১৯ মহামারী শুরু হওয়ার পর থেকে ব্যবহারকারী বেড়েছে ৪৪ শতাংশ।
গুপ্তা আরো জানান, ২০২০-২২ অর্থবছর নাগাদ ভারতে কোম্পানির আয় ৮৪ শতাংশ বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের পর ব্যবহারকারীর দিক থেকে লিংকডইনের দ্বিতীয় বৃহত্তম বাজার হিসেবে দাঁড়িয়েছে ভারত।
কোম্পানিটি শুরুর পর মূলত চাকরি-সংক্রান্ত হলেও পরবর্তী সময়ে বিভিন্ন কাজের প্লাটফর্ম হিসেবে দাঁড়িয়েছে মাইক্রোসফট মালিকানাধীন কোম্পানিটি। সেই সঙ্গে কভিডের সময় মানুষকে ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং নতুন দক্ষতা শেখার মতো নতুন ফিচার যোগ করায় এর চাহিদা ও মান বেড়েছিল। মহামারী চলাকালীন অনেক লোকের ব্যক্তিগত ও পেশাগত জীবন ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে মানুষের লিংকডইনে যুক্ত হওয়ার সংখ্যা বেড়েছে।
তিনি আরো বলেন, আপনি যখন পেশাদারদের সম্পর্কে চিন্তা করেন তখন এটি একটি খুব বড় শব্দ। আপনি একজন পেশাদার বলতে কী বোঝেন? ক্রিকেটাররা কি পেশাদার নন বা যখন আমি ছুটিতে যাই এবং আমি তা আমার ব্যবসায়িক নেটওয়ার্কের সঙ্গে শেয়ার করি, সেটা কি পেশাদার কথোপকথন নয়? তাই সেই আলোচনাগুলোও একটু বিস্তৃত হয়েছে।










