স্মার্টফোনের বাক্সে পাওয়ার অ্যাডাপ্টার বা চার্জার সরবরাহ প্রথম বন্ধ করে অ্যাপল। দেখাদেখি স্যামসাংও তাদের অনেক স্মার্টফোনে চার্জার সরবরাহ বাতিল করে। এতে গ্রাহকের সমালোচনার মুখোমুখি বিভিন্ন দেশে মামলা ও জরিমানার মুখোমুখি হচ্ছে দুই শীর্ষ স্মার্টফোন বিক্রেতা কোম্পানি। সর্বশেষ ব্রাজিলে জরিমানার মুখোমুখি হয়েছে তারা। খবর গিজমোচায়না।

আইফোনের সঙ্গে চার্জার সরবরাহ না করায় ব্রাজিলে জরিমানার মুখোমুখি হয়েছে অ্যাপল। দেশটির এক বিচারক এক ব্যবহারকারীকে ১ হাজার ৮১ ডলার জরিমানা প্রদানের রায় দেয়। কোম্পানিটির ভোক্তা আইন লঙ্ঘনের অভিযোগে এ জরিমানা দেয়া হয়। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির দাবি, বার্ষিক ২০ লাখ মেট্রিক টন কার্বন নির্গমন হ্রাসে আইফোনের সঙ্গে চার্জার দেয়া হচ্ছে না। তবে বিশ্লেষকরা বলছেন, চার্জার কিংবা এয়ারপড সরবরাহ করতে হয় না বলে অ্যাপলেরও অনেক অর্থ সাশ্রয় হচ্ছে। জাহাজীকরণ ব্যয় কমে যাচ্ছে এবং মুনাফার পরিমাণ বাড়ছে। চার্জার সরবরাহ বন্ধের ফলে অ্যাপলের ৬৫০ কোটি ডলার অতিরিক্ত আয় হয়েছে।

অ্যাপলের পথ অনুসরণ করে ফ্ল্যাগশিপ ফোনে চার্জার এড়াতে শুরু করে স্যামসাং। সাওপাওলোয় উভয় কোম্পানি একসঙ্গে অভিযুক্ত হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে প্রোকন নামে একটি ভোক্তা সুরক্ষা সংস্থা। ব্রাজিলে ৫২ লাখ ডলার জরিমানার দাবিতে মামলা হয়েছে। তবে এটি শুধু এক কোম্পানি নাকি উভয়ের একসঙ্গে তা স্পষ্ট নয়। তবে ব্রাজিলে উভয় ব্র্যান্ডের বিরুদ্ধেই নয়শর বেশি মামলা করেছে ভোক্তা সুরক্ষা সংস্থাটি।