ডকস, শিটস, স্লাইডস ও ড্রইংসে ক্ষতিকর ফাইল ও লিংক চালু করার ক্ষেত্রে ব্যবহারকারীদের সতর্ক করবে গুগল। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়েছে সার্চ ইঞ্জিন জায়ান্টটি। এ ধরনের কোনো লিংক বা ফাইল চালু করলে সতর্কতামূলক ব্যানার দেখানো হবে। খবর দ্য ভার্জ।

বর্তমানে ড্রাইভে আলাদা ডকস, শিটস, স্লাইডস ও ড্রইং ফাইল বা লিংক চালুর ক্ষেত্রে ব্যানার দেখানো হয়। বিস্তৃত পরিসরে ফিচারটি চালু হলে তা ব্যবহারকারীদের আরো বেশি নিরাপত্তা দেবে। গত ২০ জানুয়ারি এক ঘোষণায় গুগল জানিয়েছিল, ডকস, শিটস, স্লাইডস ও ড্রইং লিংক চালুর ক্ষেত্রে এখনই প্রতিষ্ঠানটি সতর্কতামূলক ব্যানার দেখাচ্ছে।

যেসব স্ক্যাম গুগল অফিসের প্রডাক্টিভিটি সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে ফিশিং হামলা বা নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে যাওয়া লিংক তৈরি করতে পারে, সেগুলোর কার্যক্রম বন্ধে এ ব্যানার প্রদর্শনের উদ্যোগ নেয়া হয়েছে। ২০২০ সালে ওয়্যারডের এক প্রতিবেদনে বলা হয়, বেশকিছু স্ক্যামার গুগলের শেয়ারিং ও সহযোগিতা ফিচার ব্যবহারের মাধ্যমে ব্যবহারকারীদের ডিভাইসে ক্ষতিকর ফাইল বা লিংক প্রবেশ করাতে সক্ষম হচ্ছে।

কেউ যদি এসব লিংকে ক্লিক করে তাহলে তাদের ডজি বিজ্ঞাপনে ভরপুর কোনো ওয়েবসাইটে নিয়ে যাওয়া হয় অথবা গতানুগতিক কোনো ফিশিং সাইটে তাদের ব্যাংক ও অন্যান্য অ্যাকাউন্টের তথ্য প্রবেশ করাতে বলা হয়। এক বিবৃতিতে গুগল জানায়, আগামী কয়েক সপ্তাহের মধ্যে সব ব্যক্তিগত ও ব্যবসায়িক অ্যাকাউন্টে ফিচারটি চালু করা হবে।