১ হাজার ৭০০ কোটি ইউরো বা ১ হাজার ৮০০ কোটি ডলার মূল্যে জার্মানিতে চিপ কেন্দ্র স্থাপন করতে চাইছে ইন্টেল। এজন্য অতিরিক্ত ভর্তুকিও চাইছে কোম্পানিটি। তবে এ পরিমাণ অর্থ দেয়া সম্ভব হবে না বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী ক্রিস্টিয়ান লিন্ডনার। সম্প্রতি ফাইন্যান্সিয়াল টাইমস এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করেছে। খবর রয়টার্স।

সংবাদমাধ্যমটির কাছে দেয়া সাক্ষাৎকারে লিন্ডনার বলেন, ‘‌বর্তমানে এ খাতে ভর্তুকি দেয়ার জন্য প্রয়োজনীয় অর্থ নেই। আমরা এখন বাজেট বাড়ানোর পরিবর্তে সংকোচনের কথা ভাবছি।’

সরকারি পর্যায়ে নতুন এ ঘোষণা দেয়ার আগে জার্মানিতে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনে ইন্টেল ৬৮০ কোটি ইউরো সহায়তা পাবে বলে জানা গিয়েছিল। তবে অধিক বিদ্যুৎ খরচ ও নির্মাণ ব্যয়ের কারণে যুক্তরাষ্ট্রের কোম্পানিটি ১ হাজার কোটি ইউরো সহায়তা চায়। গত বছর কোম্পানিটি এক ঘোষণায় জার্মানির ম্যাগডেবার্গ শহরে চিপ উৎপাদন কেন্দ্র স্থাপনের ঘোষণা দেয়। ইউরোপে ৮ হাজার ৮০০ কোটি ডলার বিনিয়োগের অংশ হিসেবে এ ঘোষণা দেয়া হয়।