৪ হাজার ৪০০ কোটি ডলারের বিনিময়ে টুইটার কেনার প্রস্তাব দিয়েছিলেন ধনকুবের ইলোন মাস্ক। পরে সেই প্রস্তাব থেকে তিনি সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তবে বেশির ভাগ শেয়ারহোল্ডার মাস্কের কাছে টুইটার হস্তান্তর করতে চান। খবর রয়টার্স।
গত মে মাসে টুইটার অধিগ্রহণের আগ্রহ প্রকাশ করেন টেসলাপ্রধান মাস্ক। পরে তিনি ক্রয় চুক্তি থেকে মুখ ফিরিয়ে নেন। এ নিয়ে বর্তমানে আইনি লড়াইও চলছে। সম্প্রতি ইলোন মাস্কের অধিগ্রহণের পক্ষে মত দিয়েছেন টুইটারের শেয়ারহোল্ডাররা।
মাইক্রোব্লগিং প্লাটফর্মটির পক্ষ থেকে জানানো হয়, কোম্পানির সানফ্রান্সিসকোর সদর দপ্তর থেকে পরিচালিত অনলাইন ভোটে ইলোন মাস্কের টুইটার অধিগ্রহণের প্রতি সমর্থন জানিয়েছেন ৯৮ দশমিক ৬ শতাংশ শেয়ারহোল্ডার। কয়েক মিনিটের মধ্যে এ ভোট সম্পন্ন হয়। এর অর্থ হলো টুইটার এখন আদালতে ইলোন মাস্ককে কোম্পানিটি কিনতে বাধ্য করার চেষ্টা করবে।
কিছুদিন ধরেই টুইটারের সঙ্গে চুক্তি বাতিলের চেষ্টা করে যাচ্ছেন ইলোন মাস্ক। বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে।










