বিভিন্ন ডিভাইসে ব্যবহারের সুবিধার্থে মাল্টিডিভাইস ফিচার চালু করেছে মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। ফিচারটি দ্বিতীয় সংস্করণ হিসেবে এবার ব্যবহারকারীদের জন্য একাধিক স্মার্টফোনে একটি অ্যাকাউন্ট ব্যবহারের সুবিধা যুক্ত করতে যাচ্ছে মেটা মালিকানাধীন প্লাটফর্মটি। খবর গ্যাজেটসনাউ।
মাল্টিডিভাইস ফিচারে ব্যবহারকারীরা ভিন্ন ভিন্ন ডিভাইসে অ্যাকাউন্ট ব্যবহার করতে পারলেও একবারে চারটি স্মার্টফোনে লগ ইন করা যেত না। সম্প্রতি যে ফিচারটি আনার ঘোষণা দেয়া হয়েছে, এর মাধ্যমে একসঙ্গে চারটি স্মার্টফোনে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। ওয়াবেটাইনফোর তথ্যানুযায়ী, গুগল প্লের বেটা প্রোগ্রামের মাধ্যমে হোয়াটসঅ্যাপ অ্যান্ড্রয়েড প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য নতুন আপডেট চালু করেছে।
প্রতিবেদনের তথ্যানুযায়ী, নতুন আপডেটে মাল্টিডিভাইস ফিচারের দ্বিতীয় সংস্করণ চালু করা হচ্ছে। যেখানে ব্যবহারকারীরা একসঙ্গে চারটি স্মার্টফোনে তাদের অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। প্রতিবেদনে প্রকাশিত স্ক্রিনশটের তথ্যানুযায়ী, ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা নতুন ডিভাইসকে সহযোগী হিসেবে দেখতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, কোনো ব্যবহারকারী দ্বিতীয় কোনো ডিভাইসে লগ ইন করতে গেলে এটি দেখতে পাবেন। স্ক্রিনশটে আরো উল্লেখ করা হয়, দ্বিতীয় ডিভাইসে লগইন করতে হলে প্রথম বা মেইন ডিভাইস থেকে কিউআর কোড স্ক্যান করতে হবে।
বর্তমানে অ্যান্ড্রয়েড বেটা ভার্সনে ফিচারটির বিষয়ে জানা গেছে। এটি কবে নাগাদ সবার জন্য উন্মুক্ত করা হবে, সে বিষয়ে কিছু জানা যায়নি।
পাশাপাশি কন্টাক্ট লিস্টের বাইরে থাকা ব্যক্তি বা ব্যবহারকারীকে মেসেজ দেয়ার ফিচারের উন্নয়নেও কাজ করছে হোয়াটসঅ্যাপ। বর্তমানে কোনো ব্যবহারকারী চ্যাট বাবলে থাকা ফোন নাম্বারে ক্লিক করলে তা সরাসরি ফোনের ডায়াল অ্যাপে নিয়ে যায়। আসন্ন আপডেটে আরো অপশন যুক্ত করা হবে বলে সূত্রে জানা গেছে।










