২০২৫ সাল নাগাদ এক-চতুর্থাংশ আইফোন উৎপাদন ভারতে স্থানান্তর করবে অ্যাপল। সম্প্রতি জেপি মরগানের গবেষকরা এ কথা জানান। চীনে ক্রমবর্ধমান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে সেখান থেকে কিছু কার্যক্রম সরিয়ে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্টটি। খবর রয়টার্স।
ব্রোকারেজ প্রতিষ্ঠানটির আশা ২০২২ সালের শেষ দিকে কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি ৫ শতাংশ আইফোন ১৪ উৎপাদন ভারতে স্থানান্তর করবে। চীনের পর এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্মার্টফোন বাজার। প্রতিষ্ঠানটির ধারণা, ম্যাক, আইপ্যাড, অ্যাপলওয়াচ, এয়ারপডসহ অ্যাপলের সব পণ্যের প্রায় ২৫ শতাংশ ২০২৫ সাল নাগাদ চীনের বাইরে উৎপাদন হবে।
২০১৭ সালে উইস্ট্রন এবং পরে ফক্সকনের সঙ্গে ভারতে আইফোন অ্যাসেম্বলের কার্যক্রম শুরুর পর দেশটিতে বড় পরিসরে কাজ করার কথা ভাবছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে দেশটির স্থানীয় সরকার অভ্যন্তরীণ পর্যায়ে উৎপাদন বাড়ানোর জন্য কাজ করছে। নভেল করোনাভাইরাস মহামারীর কারণে অনেক ব্যবসাপ্রতিষ্ঠান তাদের সরবরাহ চেইন ঢেলে সাজাতে পারেনি।
জেপি মরগানের গবেষকদের প্রধান গোকুল হরিহরণ বলেন, তাইওয়ানের ফক্সকন ও পেগাট্রনের মতো প্রতিষ্ঠান ভারতে কার্যক্রম স্থানান্তরের ক্ষেত্রে প্রধান ভূমিকা রেখেছে। মধ্যম থেকে দীর্ঘমেয়াদে অ্যাপল ভারতের অভ্যন্তরীণ সরবরাহকারীদের যোগ্যতা অর্জন করবে।
ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, চীনে কার্যক্রম পরিচালনায় সমস্যার কারণে ভারতে আইফোন অ্যাসেম্বল বা পার্টস যুক্ত করার কার্যক্রম পরিচালনায় টাটা গ্রুপ উইস্ট্রনের সঙ্গে আলোচনা করছে।










