মূল্যস্ফীতির কারণে সব ধরনের প্রযুক্তিপণ্যের চাহিদা কমলেও ট্রু ওয়্যারলেস স্টেরিও (টিডব্লিউএস) হেডফোন বিক্রি বেড়েছে। মূলত ৫০ ডলারের কম মূল্যের টিডব্লিউএসে ভর করে চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে হেডফোন বিক্রি আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ বেড়েছে। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে বলা হয়, ভারত, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার মতো বাজারে সাশ্রয়ী হেডফোনে ভর করে টিডব্লিউএস বিক্রি বেড়েছে।
বৈশ্বিক মন্দার শঙ্কার মধ্যে শাওমি, কিউসিওয়াউ ও স্কালক্যান্ডির মতো প্রতিষ্ঠানের কম ও মাঝারি দামের টিডব্লিউএস বিক্রি বেড়েছে। অন্যদিকে ১০০ ডলার বা তার চেয়ে বেশি দামের টিডব্লিউএস বিক্রি লক্ষণীয়ভাবে কমেছে। প্রলম্বিত রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অ্যাপল ও স্যামসাংয়ের মতো বড় ব্র্যান্ডগুলোর টিডব্লিউএস বিক্রি কমেছে।










