দেশের দক্ষিণাঞ্চলের অন্যতম বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের (কেসিএমসিএইচ) সঙ্গে চুক্তি করেছে ডিজিটাল পরিষেবা প্রতিষ্ঠান বাংলালিংক। সেখানকার কর্মীদের মোবাইল ও ডিজিটাল পরিষেবা, করপোরেট সংযোগ ও আইসিটি পণ্য প্রদানে এ চুক্তি স্বাক্ষর হয়েছে।
বাংলালিংকের এন্টারপ্রাইজ বিজনেস ডিরেক্টর রুবাইয়াত এ তানজিন এবং কেসিএমসিইচের পরিচালক ডা. মো. মোস্তফা কামাল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস এবং কেসিএমসিএইচের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক ডা. সৈয়দ আবু আফসার এ সময় উপস্থিত ছিলেন।
চুক্তির আওতায় কেসিএমসিএইচের কর্মীরা ইআরপি ব্যবহার করে ক্লায়েন্টদের সঙ্গে স্বয়ংক্রিয় যোগাযোগ স্থাপনে হটলাইনের জন্য এম-কানেক্স, কল সেন্টার সলিউশনস এবং এপিআই ব্যবহার করতে পারবেন। এ চুক্তির ফলে কেসিএমসিএইচ কর্মীরা পেমেন্ট নোটিফিকেশন, ডায়াগনস্টিক রিপোর্ট নোটিফিকেশন, অ্যাডমিশন, ডিসচার্জ নোটিফিকেশনসহ অন্যান্য সুবিধাও পাবেন।
রুবাইয়াত এ তানজিন বলেন, দেশজুড়ে দ্রুততম ফোরজি নেটওয়ার্কের মাধ্যমে অংশীদারদের সেবা প্রদানে বাংলালিংক বদ্ধপরিকর। আমরা আনন্দের সঙ্গে জানাচ্ছি যে কেসিএমসিএইচের স্বাস্থ্যসেবা পেশাজীবীদের আমাদের ডিজিটাল পরিষেবা প্রদানের মাধ্যমে বর্ধিত যোগাযোগ সুবিধা দেয়া হবে।
কেসিএমসিএইচের ডিরেক্টর ডা. মো. মোস্তফা কামাল বলেন, বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে কেসিএমসিএইচের কর্মীরা উত্কৃষ্ট ডিজিটাল সুবিধা পাবেন। এতে আমাদের গ্রাহকরা উপকৃত হবেন।










