চলতি সপ্তাহে বড় পরিসরে কর্মী ছাঁটাইয়ের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেসবুকের মালিকানা প্রতিষ্ঠান মেটা। এতে প্রতিষ্ঠানটির কয়েক হাজার কর্মী ক্ষতিগ্রস্ত হবেন বলে ধারণা করা হচ্ছে। ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে রয়টার্স প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

ছাঁটাইয়ের বিষয়ে অবশ্য মেটার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট সূত্রগুলোর তথ্যানুযায়ী, অধিগ্রহণের পর টুইটারের অর্ধেকের বেশি কর্মী ছাঁটাই করেছেন টেসলাপ্রধান ইলোন মাস্ক। বর্তমানে সে পথেই হাঁটছেন মেটার সিইও মার্ক জাকারবার্গ।

অক্টোবরে আয়ের পূর্বাভাসে ছুটির মৌসুমে প্রতিষ্ঠানটির আয়ে মন্থরগতি থাকবে বলে জানানো হয়েছে। সেই সঙ্গে আগামী বছর ব্যয় বাড়ার কারণে মেটার স্টক মার্কেট ভ্যালুর ৬ হাজার ৭০০ কোটি ডলার খরচ হয়ে যাবে। অনেক ক্ষেত্রে খরচেও লাগাম টেনেছেন জাকারবার্গ। তার পরিপ্রেক্ষিতেই এ গণছাঁটাই হতে পারে বলে মনে করছেন কেউ কেউ। বৈশ্বিক অর্থনীতিতে মন্থরগতির প্রবৃদ্ধি, টিকটকের সঙ্গে প্রতিযোগিতা, গোপনীয়তা নীতিমালায় অ্যাপলের পরিবর্তন, মেটাভার্সে অত্যধিক ব্যয় ও আইনের কারণে মেটার আয় কমেছে।