কনটেন্ট মডারেশনে নতুন পদক্ষেপের অংশ হিসেবে ফ্যাক্ট চেকিং প্রকল্প বার্ডওয়াচের পরিধি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। খবর রয়টার্স।

গত বছর বার্ডওয়াচ চালু করেছে টুইটার। এর মাধ্যমে ব্যবহারকারীরা কোনো ক্ষতিকর বা ভুয়া টুইট প্লাটফর্ম থেকে অপসারণে পদক্ষেপ নিতে পারবে। মূলত সেগুলো সঠিক তথ্যপ্রমাণ ও সূত্র নোট হিসেবে যুক্ত করার মাধ্যমে এ কাজ করা হয়। টুইটার থেকে শুরু করে বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যম দীর্ঘদিন থেকে তাদের প্লাটফর্মে বিভিন্ন কনটেন্ট প্রচার এবং সেগুলো নিয়ন্ত্রণের বিষয়ে ক্রমাগত চাপের মুখে রয়েছে।

কেউ কেউ ক্ষতিকর পোস্ট সরাতে প্লাটফর্মগুলোর সীমিত ব্যবস্থা গ্রহণের বিষয়কে অভিযুক্ত করেছে। আবার কেউ বাকস্বাধীনতার বিষয়টিকে প্রাধান্য দিয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের অন্যতম ধনী ও টেসলাপ্রধান ইলোন মাস্ক ৪ হাজার ৪০০ কোটি ডলারে টুইটার অধিগ্রহণ চুক্তি থেকে বের হয়ে আসতে চাইছেন। তিনি বলেন, বাকস্বাধীনতা নিশ্চিতের অংশ হিসেবে প্রতিষ্ঠানটিকে বেশকিছু পোস্ট ও নিয়ম অপসারণ করতে হবে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পণ্য বিভাগের ভাইস প্রেসিডেন্ট কিথ কোলম্যান বলেন, আমরা মনে করি, এটি শুরুর জন্য সত্যিই শক্তিশালী একটি জায়গা। কেননা এটি ব্যবহারকারীদের তথ্য সরবরাহের মাধ্যমে স্বয়ংসম্পূর্ণ হতে সহায়তা করছে এবং মন নিয়ন্ত্রণের সুযোগ দিচ্ছে।

এখন পর্যন্ত বার্ডওয়াচে ১৫ হাজার কন্ট্রিবিউটরের ফ্যাক্ট চেকিং নোট লেখার সক্ষমতা ছিল। টুইটার জানায়, এখন থেকে তারা প্রতি সপ্তাহে নতুন করে এক হাজার কন্ট্রিবিউটর যুক্ত করবে। বার্ডওয়াচের নোটগুলো আলাদা ওয়েবসাইটে থাকলেও এখন থেকে যুক্তরাষ্ট্রের অর্ধেকের বেশি ব্যবহারকারী তাদের টাইমলাইনে নোটগুলো দেখতে পারবেন।

টুইটার জানায়, এ প্রকল্প আশাজাগানিয়া ফল এনে দিয়েছে। এখন কোনো টুইটে বার্ডওয়াচের নোট থাকলে পুনরায় সেটি শেয়ার করা বা লাইক দেয়ার বিষয়ে ১৫ থেকে ৩৫ শতাংশ ব্যবহারকারী বিরত থাকেন।