চলতি বছরের দ্বিতীয়ার্ধে মেমোরি চিপের চাহিদা কমার আশঙ্কা করছে এসকে হাইনিক্স। দ্বিতীয় প্রান্তিকে ২০১৮-পরবর্তী সর্বোচ্চ মুনাফার পর এ পূর্বাভাস দক্ষিণ কোরিয়াভিত্তিক কোম্পানিটির।

এক বিবৃতিতে এসকে হাইনিক্স জানায়, দ্বিতীয়ার্ধে পূর্বাভাসের চেয়ে কম পিসি ও স্মার্টফোন বিক্রি হবে। এতে মেমোরি চিপের চাহিদাও কমবে।

বিশ্বের দ্বিতীয় বৃহৎ মেমোরি চিপ নির্মাতা কোম্পানিটি আরো জানায়, ডাটা সেন্টার গ্রাহকদের জন্য সার্ভার মেমোরি চিপের চাহিদাও কমবে।

ক্রমবর্ধমান মূল্যস্ফীতি, প্রধান অর্থনীতিগুলোয় মন্দাভাব ও চীনে নিয়মিত বিরতিতে করোনা সংক্রমণ বৃদ্ধি ও লকডাউনের ফলে স্মার্টফোন বিক্রি কমেছে। এতে দ্বিতীয়ার্ধে মেমোরি চিপের চাহিদা কমবে বলে মনে করে এসকে হাইনিক্স।

গতকাল প্রকাশিত আয়-ব্যয়ের উপাত্তে এসকে হাইনিক্স জানায়, দ্বিতীয় প্রান্তিকে তাদের পরিচালন মুনাফা ৫৬ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ দশমিক ২ ট্রিলিয়ন ওন বা ৩২০ কোটি ডলার। সার্ভার গ্রাহকদের উচ্চ চাহিদার জেরে তাদের আয় ৩৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৩ দশমিক ৮ ট্রিলিয়ন ওন।

দ্বিতীয় প্রান্তিকে বিভিন্ন ডিভাইস ও সার্ভারে ব্যবহূত ডির‌্যাম চিপের চাহিদা প্রথম প্রান্তিকের চেয়ে ১০ শতাংশ বেড়েছে।