দায়িত্ব নেয়ার আগেই কর্মী ছাঁটাইয়ের আভাস দিয়েছিলেন ইলোন মাস্ক। টেসলাপ্রধান মালিকানা বুঝে পাওয়ার পরই সিইওসহ প্রায় ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছেন। শীর্ষপর্যায়ে অস্থিরতায় অনেকেই প্লাটফর্মটিতে বিজ্ঞাপন প্রদান থেকে বিরত থাকছে। এদিকে বেপরোয়া কর্মী ছাঁটাইয়ের কারণে সানফ্রান্সিসকোর একটি আদালতে মামলা করেছেন কিছু কর্মী। যুক্তরাষ্ট্রের ওয়ার্কার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড রিট্রেনিং নোটিফিকেশন (ওয়ার্ন) আইনের আওতায় এ মামলা করা হয়েছে।
মার্কিন শ্রম আইনের আওতায় শতাধিক বা তার চেয়ে বেশি কর্মী রয়েছেন এমন প্রতিষ্ঠানকে গণহারে কর্মী ছাঁটাই করতে হলে অন্তত ৬০ দিন আগে তাদের অবহিত করতে হবে।
টুইটার বলছে, কোম্পানির ভবিষ্যৎ সফলতা নিশ্চিত করতে কর্মী ছাঁটাইয়ের অনাকাঙ্ক্ষিত সিদ্ধান্ত নিতে হচ্ছে। কর্মীদের বাসায় থাকার নির্দেশনা দিয়ে টুইটার জানায়, যদি কোম্পানির নিজস্ব কোনো ই-মেইল পান তাহলে জেনে নেবেন চাকরি নিশ্চিত। যদি ব্যক্তিগত মেইলে কোনো ই-মেইল আসে তাহলে ধরে নেবেন টুইটারে আপনার আসা নিষ্প্রয়োজন।
আকস্মিকভাবে কর্মী ছাঁটাইয়ের এ সিদ্ধান্তে ছাঁটাই হওয়া কর্মীদের আইনজীবী আদালতের কাছে অনুরোধ করেন, টুইটার যেন ওয়ার্ন আইন মেনে চলে তার জন্য চাপ প্রয়োগ করে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা গিয়েছে, টুইটারে বিজ্ঞাপন বন্ধকারী কোম্পানির তালিকায় যুক্ত হয়েছে ফাইজার ও ফক্সওয়াগনের মতো কোম্পানি। এর আগে মাইক্রোব্লগিং সাইটটিতে নিজেদের বিজ্ঞাপন আপাতত স্থগিতের ঘোষণা দিয়েছিল জেনারেল মোটরস (জিএম) ও জেনারেল মিলস। বিদ্যুচ্চালিত গাড়ি নির্মাতা জায়ান্ট টেসলাপ্রধান ইলোন মাস্কের টুইটার ক্রয় সম্পন্নের পর একের পর এক কোম্পানি প্লাটফর্মটিতে বিজ্ঞাপন দেয়ার বিষয়টি পুনর্বিবেচনা করছে।
গত শুক্রবার জার্মান গাড়ি নির্মাতা জায়ান্ট ফক্সওয়াগন জানায়, পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত টুইটারে কোনো ধরনের ব্যয় থেকে বিরত থাকতে ব্র্যান্ডগুলোকে নির্দেশনা দেয়া হয়েছে। ফক্সওয়াগন গ্রুপের যে ব্র্যান্ডগুলো বিজ্ঞাপন দেয়া থেকে বিরত থাকবে সেগুলো হচ্ছে ভিডব্লিউ, সিট, কুপরা, আউডি, ল্যামবরগিনি, বেন্টলি, ডুকাটি ও পোরশে।
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়, মাস্কের নিয়ন্ত্রণে টুইটার কনটেন্ট মডারেশনে ভিন্নতা আনতে পারে এবং দৃষ্টিকটু অনেক কনটেন্ট সেখানে পাওয়া যেতে পারে এ রকম আশঙ্কা অনেক কোম্পানির। আবার টুইটারের শীর্ষ পদে অনিশ্চয়তায় কেউ কেউ প্লাটফর্মটি থেকে বিদায় নিচ্ছেন। টুইটারের নিয়ন্ত্রণ বুঝে নিয়েই শীর্ষ নির্বাহী পরাগ আগারওয়ালসহ একদল শীর্ষ কর্মকর্তাকে ছাঁটাই করেন মাস্ক। উচ্চপদে এমনতর অস্থিরতায় গত সপ্তাহে বিজ্ঞাপন বন্ধের ঘোষণা দেয় শীর্ষ মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি জিএম।
বিজ্ঞাপনদাতা প্রতিষ্ঠান এস৪ ক্যাপিটালের চেয়ারম্যান মার্টিন সরেল জানান, তিনি তার গ্রাহকদের দেখেশুনে এগোনোর পরামর্শ দিয়েছেন। আবার ইন্টারপাবলিক গ্রুপের মতো কিছু কোম্পানি গ্রাহকদের টুইটারে বিজ্ঞাপন দেয়া থেকে একেবারে বিরত থাকার পরামর্শ দিচ্ছে।
সরেল সম্প্রতি এক মার্কিন সম্প্রচারমাধ্যমে জানান, গ্রাহকরা সংঘাত ও বিতর্ক চায় না। তারা স্থিতিশীল পরিবেশ চায়। গত এক সপ্তাহে টুইটারে যা দেখা গেল তা পুরো অস্থিরতায় ভরপুর।
ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, টুইটারের অভ্যন্তরে অস্থিরতা দেখা দিয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কিছু কর্মী মার্কিন সংবাদমাধ্যমটিকে জানান, মাস্কের নেতৃত্বে টুইটার আগে জায়গায় নেই। কর্মীরা কোনো প্রজেক্ট বাস্তবায়নের আগে যেখানে ৭ দিন সময় পেতেন এখন মাত্র ২৪ ঘণ্টা সময় পান। মাস্ক গ্রাহকদের যেসব ফিচারের অঙ্গীকার করেছেন তা দ্রুত আনতে কর্মীদের চাপের ওপর চাপ দেয়া হচ্ছে। ছোট কর্মীবহরের বিশাল কাজের চাপ বহন করতে হচ্ছে বলে জানান কর্মীরা।
টুইটার যে বিভিন্ন মহল থেকে চাপের মুখে রয়েছে বিষয়টি স্বয়ং মাস্কও স্বীকার করেছেন। বিভিন্ন সমালোচকের কারণে টুইটারে বিজ্ঞাপন কমছে বলে এক টুইটে অভিযোগ তোলেন মাস্ক।
টুইটারের সাবেক ও বর্তমান কর্মীরা বলছেন, প্লাটফর্মটিতে ভয়ের সংস্কৃতি তৈরি করেছেন মাস্ক। দায়িত্ব গ্রহণের এক সপ্তাহের মধ্যেই এ বার্তা তিনি দিতে চাচ্ছেন, বস হিসেবে তিনি বেশ কঠোর এবং কাজের পারফরম্যান্সের ওপর জোর দেবেন। মাস্কের লক্ষ্য হচ্ছে টুইটারের আয়ের সুযোগ অবারিত করা এবং পুরো সম্ভাবনার সর্বোচ্চ ব্যবহার। তার অংশ হিসেবে টুইটারে নীল টিকসংবলিত ভেরিফায়েড অ্যাকাউন্টের জন্য এখন থেকে ব্যবহারকারীদের মাসে ৮ ডলার গুনতে হবে। সাবস্ক্রিপশন বাড়ানোর পাশাপাশি মাইক্রোব্লগিং প্লাটফর্মটির বিজ্ঞাপননির্ভরতা কমানোর জন্য এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন ইলোন মাস্ক। সাধারণত বিভিন্ন ক্ষেত্রে প্রতিনিধিত্বশীল ব্যক্তিত্বরা তাদের নামের পাশে নীল টিক ব্যবহার করেন, যা এখন পুরোপুরি বিনামূল্যে পাওয়া যায়।
বিশ্বের শীর্ষ ধনী মাস্ক আরো জানান, ফি দিয়ে টুইটার ব্যবহার করলে রিপ্লাই ও সার্চের ক্ষেত্রে অগ্রাধিকার পাওয়া যাবে। তারা বিজ্ঞাপনও দেখবে অর্ধেক। নীল টিকের জন্য ৮ ডলারকে জনগণের কাছে ক্ষমতা ফেরত বলে উল্লেখ করেছেন মাস্ক।
আগের যাচাইকরণ পদ্ধতিকে প্রভু ও কৃষক সম্পর্ক হিসেবে সমালোচনা করেন তিনি।










