চ্যাটজিপিটির প্যারেন্ট প্রতিষ্ঠান ওপেনএআইয়ের তথ্য সংগ্রহ এবং ব্যবহারের বিষয়ে একটি যৌথ তদন্ত শুরু করতে যাচ্ছে কানাডিয়ান প্রাইভেসি রেগুলেটর। আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স (এআই) বা কৃত্রিম বুদ্ধিমত্তার টুলগুলোর নীতিমালার দিকে খুব কাছ থেকে নজর রাখছে দেশটি। খবর রয়টার্স।

কানাডার প্রাইভেসি কমিশনার অফিস জানিয়েছে, ফেডারেল প্রাইভেসি রেগুলেটর কিউবেক, ব্রিটিশ কলম্বিয়া এবং আলবার্টায় তাদের কাউন্টারপার্টের সঙ্গে তদন্ত করে দেখবে ওপেন এআই এসব তথ্য সংগ্রহ, ব্যবহার এবং চ্যাটজিপিটির ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য উন্মুক্ত করার ক্ষেত্রে সম্মতি নিয়েছে কিনা। 

তবে ওপেনএআই এ বিষয়ে এখনো কোনো মন্তব্য জানায়নি। চ্যাটবটের খুবই জনপ্রিয় চ্যাটজিপিটি বাজারে আনার বিষয়টি অ্যালফাবেট ইনক এবং মেটার মতো বিভিন্ন প্রযুক্তি জায়ান্টদের মধ্যে এআই রেস তৈরি করেছে। এটি বিভিন্ন দেশের সরকারকে কঠিন অবস্থানে ফেলে দিয়েছে। কারণ পুরোপুরি নতুন এ প্রযুক্তি ব্যবহার করার বিষয়ে আইন করার কথা ভাবছে দেশগুলোর সরকার।

চ্যাটজিপিটি দিয়ে আর্টিকেল, রচনা, জোকস এমনকি কবিতাও লেখা যায় প্রম্পটসের প্রতিক্রিয়া হিসেবে। ওপেন এআই একটি ব্যক্তিগত প্রতিষ্ঠান যেখানে মাইক্রোসফট করপোরেশনের ব্যাকআপ রয়েছে। গত নভেম্বরে এটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।   

কানাডার তদন্তে আরো দেখা হবে প্রতিষ্ঠানটি ‘‌উন্মুক্ততা ও স্বচ্ছতা, প্রবেশ, নির্ভুলতা ও জবাবদিহিতার ক্ষেত্রে তাদের বাধ্যবাধকতার প্রতি শ্রদ্ধা রেখেছে কিনা।’ কমিশনারের অফিস জানিয়েছে, যেহেতু এ বিষয়ে তদন্ত চলমান রয়েছে। তাই এ বিষয়ে আরো কোনো বিস্তারিত তথ্য জানানো হয়নি। তবে তদন্তের রিপোর্ট অবশ্যই জনসমক্ষে প্রকাশ করা হবে।