প্লাটফর্মের স্বচ্ছতা বাড়ানোর অংশ হিসেবে রিসার্চ গ্রুপের পরিধি বাড়ানোর উদ্যোগ নিয়েছে টুইটার। এর অংশ হিসেবে যারা ভুল তথ্য ও তথ্য পরিবর্তনের বিষয় নিয়ে গবেষণা করেন, তাদের আরো তথ্য সরবরাহ করবে মাইক্রোব্লগিং প্লাটফর্মটি। খবর রয়টার্স।
পাশাপাশি টুইটারের মডারেশন রিসার্চ কনসোর্টিয়ামে যোগদানের জন্য একাডেমিয়া, সিভিল সোসাইটি ও সাংবাদিকতার সঙ্গে জড়িতদের থেকে আবেদন গ্রহণ প্রক্রিয়া চালু করবে। চলতি বছরের শুরুতে টুইটার গ্রুপটি চালু করে এবং প্রতিষ্ঠানের তথ্যভাণ্ডারে তাদের প্রবেশাধিকার আছে।
গবেষকরা এর আগে বছরের পর বছর প্লাটফর্মে ক্ষতিকর কনটেন্টগুলোর প্রবাহের বিষয়ে গবেষণা পরিচালনা করে এসেছেন। তবে কখনই সরাসরি সামাজিক যোগাযোগমাধ্যম বা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করেননি।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে টুইটার জানায়, তথ্য সরবরাহ ও গবেষণা পরিচালনার মাধ্যমে অনলাইনে আরো সফলভাবে ভুল তথ্য প্রচার বন্ধে উদ্যোগ নেয়া যাবে। এরই মধ্যে টুইটারে তথ্য পরিচালনা করার জন্য বিভিন্ন দেশের সরকার পরিচালিত সমন্বিত প্রচেষ্টার তথ্য গবেষকদের হাতে দিয়েছে।
মাইক্রোব্লগিংয়ের প্লাটফর্মটি জানায়, এটি এখন অন্যান্য বিষয়বস্তু নিয়ন্ত্রণের ক্ষেত্রগুলো সম্পর্কে তথ্য দেয়ার পরিকল্পনা করছে, বিশেষ করে যেসব টুইটবার্তাকে বিভ্রান্তিকর হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলোকে।










