ভার্চুয়াল রিয়েলিটি হেডসেট কোয়েস্ট ওয়ানে ব্যাটল রয়্যাল গেম পপুলেশন: ওয়ানের সাপোর্ট বন্ধের ঘোষণা দিয়েছে মেটা। আগামী ৩১ অক্টোবর থেকে হেডসেটটির ব্যবহারকারীরা গেমটি চালু করতে ও খেলতে পারবে না। খবর ইটি টেলিকম।
গেমটির ডেভেলপার প্রতিষ্ঠান বিগবক্স ভিআর এক ঘোষণায় গেম চালু না করার বিষয়টি জানায়। তবে ভার্চুয়াল রিয়েলিটি রেডি কোনো ব্যক্তিগত কম্পিউটার থাকলে কোয়েস্ট ওয়ানের প্লেয়াররা গেমটি খেলতে পারবে বলে জানা গিয়েছে। এক আপডেটে প্রতিষ্ঠানটি জানায়, আমরা বিগ পপি তৈরি করছি, যা ভার্চুয়াল রিয়েলিটি প্লাটফর্মে মাল্টিপ্লেয়ার অভিজ্ঞতাকে বিস্তৃত করবে। পরবর্তী প্রজন্মের ফিচার ও প্রযুক্তিতে মনোনিবেশ করতে প্রতিষ্ঠানটি আগামী ৩১ অক্টোবর থেকে কোয়েস্ট ওয়ান ভিআরে সাপোর্ট বন্ধ করছে বলেও জানায়।
মেটা কোয়েস্ট টু, অকুলাস রিফট এস, অকুলাস রিফটসহ অন্যান্য সাপোর্টেড ডিভাইসে পপুলেশন: ওয়ান গেমটির অ্যাকাউন্ট প্রগ্রেস, ইন-অ্যাপ পারচেজ ও ক্রসপ্লে বিদ্যমান রয়েছে। উৎপাদন ব্যয় বেড়ে যাওয়ায় এবং বৈশ্বিক চিপ সংকটের কারণে চলতি মাস থেকে কোয়েস্ট টু ভার্চুয়াল রিয়েলিটি হেডসেটের দাম বাড়িয়েছে মেটা। বর্তমানে ১২৮ ও ২৫৬ জিবি ভার্সনের হেডসেট কিনতে হলে যথাক্রমে ৩৯৯ দশমিক ৯৯ ও ৪৯৯ দশমিক ৯৯ ডলার ব্যয় করতে হবে।
সম্প্রতি মেটা হরিজন ওয়ার্ল্ডসে ভয়েস মোড নামে নতুন সেটিং যুক্ত করেছে, যেটি ব্যবহারকারীদের আরো উন্নত নিয়ন্ত্রণ অভিজ্ঞতা দেবে। ফিচারটি কোয়েস্ট টু ডিভাইস ব্যবহারকারীদের শব্দ শোনার অভিজ্ঞতায় নতুন সংযোজন এনে দিয়েছে।










