পরবর্তী প্রজন্মের গ্রাফিকস প্রসেসিং ইউনিট (জিপিইউ) বাজারজাতের ঘোষণা দিয়েছে সেমিকন্ডাক্টর উৎপাদনকারী প্রতিষ্ঠান অ্যাডভান্সড মাইক্রো ডিভাইসেস (এএমডি)। প্রথমবারের মতো আরএক্স ৭৮০০ এক্সটিএক্স ও ৭৯০০ এক্সটি জিপিইউতে আরডিএনএ ৩ আর্কিটেকচার ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। খবর দ্য ভার্জ।
গ্রাফিকস কার্ড দুটো উন্মোচনের পাশাপাশি এএমডির রেফারেন্স কার্ড ও বোর্ড অংশীদার সংশ্লিষ্ট বিভিন্ন মডেল বাজারে আনার জন্যও একই তারিখ নির্ধারণ করেছে কোম্পানিটি।
৭৯০০ এক্সটিএক্সের দাম পড়বে ৯৯৯ ডলার। অন্যদিকে এক্সটি মডেলের দাম ৮৯৯ ডলার। ভার্জের প্রতিবেদন অনুযায়ী, এর আগের প্রজন্মের বিভিন্ন কার্ড এখন যে দামে বিক্রি হচ্ছে, সে তুলনায় নতুন কার্ডের দাম খানিকটা বেশি হবে বলে ধারণা পাওয়া যাচ্ছে। আগের প্রজন্মের ৬৯৫০ এক্সটির দাম বর্তমানে ৮৪৯ ডলার এবং মূল ৬৯০০ এক্সটির দাম ৬৭৯ ডলার। উন্মোচনের সময় এগুলোর দাম ছিল যথাক্রমে ১ হাজার ৯৯ ও ১ হাজার ডলার। অন্যদিকে এনভিডিয়ার আরটিএক্স ৪০৮০ কার্ডের দাম ১ হাজার ১৯৯ ডলার থেকে শুরু হলেও ৪০৯০ মডেলের দাম ১ হাজার ৫৯৯ ডলার।
কোম্পানির ফ্ল্যাগশিপ পণ্য হিসেবে আরএক্স ৭৯০০ এক্সটিএক্স জিপিইউকে ফোরকে গেমিংয়ের জন্য বিশেষ কার্ড হিসেবে পরিচয় দিচ্ছে এএমডি। এটি আরএক্স ৬৯৫০ এক্সটি কার্ডের চেয়ে ১ দশমিক ৭ গুণ দ্রুত কাজ করতে সক্ষম। এতে ২ দশমিক ৩ গিগাহার্টজ গতির ৯৬টি কম্পিউট ইউনিট ও সর্বোচ্চ ৩৮৪টি বিট বাসসহ ২৪ জিবি জিডিডিআর৬ মেমোরি থাকবে।
অন্যদিকে আরএক্স ৭৯০০ এক্সটি তুলনামূলক কম ক্ষমতাসম্পন্ন গ্রাফিকস কার্ড। এতে দুই গিগাহার্টজ গতির ৮৪টি কম্পিউট ইউনিট, ৩২০ বিটের তুলনামূলক ধীরগতির ২০ জিবি জিডিডিআর৬ মেমোরি ও ৩০০ ওয়াটের বোর্ডক্ষমতা রয়েছে।
এএমডির দাবি, তুলনামূলক কম শক্তি ব্যবহার হওয়ায় জিডিডিআর৬এক্স মেমোরির পরিবর্তে জিডিডিআর৬ ব্যবহার করা হচ্ছে। এটি চালাতে কোনো বিশেষ পাওয়ার কানেক্টর বা অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে না।
আরডিএনএ ৩ নকশা নিয়ে ব্যাপক প্রতিশ্রুতি দিচ্ছে এএমডি। ওয়াটপ্রতি কার্যক্ষমতার বিচারে এটি আরডিএনএ ২-এর চেয়ে ৫৪ শতাংশ ভালো। এএমডি বলছে, সর্বোচ্চ ৬১টি টিফ্লপ তৈরির সক্ষমতা আছে এতে, যেখানে আরডিএনএ ২-তে মাত্র ২৩টি তৈরি করা যায়।










