নভেল করোনাভাইরাস মহামারী, উৎপাদন ও সরবরাহ সংকট এবং অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে তুমুল প্রতিযোগিতার কারণে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইন্টেলের বাজার অবস্থান বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রযুক্তি জায়ান্টটির প্রধান নির্বাহী কর্মকর্তা প্যাট গেলসিঙ্গার এ বিষয়ে অবগতও। তবে এ সংকটাবস্থা থেকে উত্তরণের আগে ইন্টেলকে আরো কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন তিনি। খবর টেকরাডার।

এভারকোর আইএসআই টিএমটি সম্মেলনে বক্তব্য দেয়ার সময় গেলসিঙ্গার বলেন, তার ধারণা, আগামী বছর সার্ভার বাজারে ইন্টেল উল্লেখযোগ্য হারে তাদের হিস্যা হারাবে। ২০২৫ সাল নাগাদ প্রতিষ্ঠানটি পুনরায় সফলতার মুখ দেখবে। এক ঘোষণায় তিনি বলেন, চলতি বছরের শুরুতে অপটেস মেমোরি ব্যবসা বিক্রি করে দেয়ার মাধ্যমে ইন্টেল অনেকটাই পিছিয়ে পড়েছে। তাই বর্তমানে প্রতিষ্ঠানটির যেসব পণ্য বাজারে ভালো অবস্থানে রয়েছে সেগুলোর বিক্রি বাড়াতে এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন।

সেমিকন্ডাক্টর উৎপাদনের দিক থেকে অন্যতম প্রতিষ্ঠান হিসেবে প্রযুক্তিবাজারে অবস্থান থাকলেও সাম্প্রতিক সময়ে নিজেদের কাজে আশানুরূপ ফল পায়নি ইন্টেল। ২০২১ সালের শুরুতে গেলসিঙ্গার প্রতিষ্ঠানের হাল ধরলেও গত কয়েক মাসে প্রতিষ্ঠানটি লোকসানের মুখে পড়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির বিভিন্ন সমস্যাও প্রকাশ্যে আসে।

উদাহরণস্বরূপ স্যাফায়ার র্যাপিডস কোডনেমে পরিচিত পরবর্তী প্রজন্মের সার্ভার প্রসেসর উন্মোচন বেশ কয়েকবার পিছিয়েছে ইন্টেল।