সাম্প্রতিক সময়ে স্যামসাংয়ের সামগ্রিক আয় তেমন আকর্ষণীয় বা আলোচনার মতো নয়। সেমিকন্ডাক্টর, স্মার্টফোন, ট্যাবলেট, স্মার্টওয়াচ, টেলিভিশনসহ গৃহস্থালি বৈদ্যুতিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি সব খাতে রেকর্ড আয় করলেও সেভাবে মুনাফা লাভ করতে পারছে না।

গিজমোচায়নায় প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটির পরিচালন ব্যয় গত বছর যেখানে ১২ দশমিক ৫৭ ট্রিলিয়ন কোরিয়ান ওন ছিল, সেটি চলতি বছরের জুন নাগাদ ১৪ দশমিক ১ ট্রিলিয়নে পৌঁছেছে। সবগুলোর মধ্যে প্রতিষ্ঠানটির একটি খাত এখন আর সেভাবে মুনাফা অর্জন করতে পারছে না।

খাতটি মূলত প্রতিষ্ঠানটির মোবাইল বাজার। যেটি এমএক্স অ্যান্ড নেটওয়ার্কস নামেও পরিচিত। সম্মিলিত বিক্রিতে এ খাত ২৯ দশমিক ৩৪ ট্রিলিয়ন ওন আয়ে অবদান রাখলেও ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে মাত্র ২০০ কোটি ডলার আয় করতে পেরেছে। বাজারের নেতৃস্থানীয় পর্যায়ে থাকা স্যামসাংয়ের স্মার্টফোন খাতের পরিচালনগত আয় ২ দশমিক ৬২ ট্রিলিয়ন ওনে দাঁড়িয়েছে। ২০২২ সালের প্রথম প্রান্তিকে যা ছিল ৩ দশমিক ৮২ ট্রিলিয়ন এবং ২০২১ সালের একই সময়ে যার পরিমাণ ছিল ৩ দশমিক ২৪ ট্রিলিয়ন।

স্মার্টফোনের সম্প্রতি প্রকাশিত আর্থিক প্রতিবেদনে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি জানায়, গ্যালাক্সি এস২২ ও গ্যালাক্সি ট্যাব এস৮ সিরিজের ফ্ল্যাগশিপ ডিভাইসগুলো বাজারে প্রতিষ্ঠানটির ভালো অবস্থান তৈরিতে প্রভাবক হিসেবে কাজ করেছে।

প্রযুক্তিবিদ ও বাজার বিশ্লেষকরা মুনাফা কমে যাওয়ার কারণ হিসেবে গ্যালাক্সি এস২১ এফই ও মিড রেঞ্জে গ্যালাক্সি এ লাইনআপকে মূল সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। তবে স্যামসাং এখনো কম বিক্রি হওয়া কোনো পণ্যকে দায় দিচ্ছে না। পারতপক্ষে স্মার্টফোন তৈরির বিভিন্ন উপাদানের দাম বৃদ্ধি এবং বৈদেশিক মুদ্রামানের তারতম্যকে কারণ হিসেবে উল্লেখ করেছে।