অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিভিন্ন হ্যাকার গ্রুপ ও রাষ্ট্রায়ত্ত গ্রুপের সাইবার হামলার পরিমাণ গত অর্থবছরে উল্লেখযোগ্য হারে বেড়েছে। সম্প্রতি দেশটির সরকার প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে প্রতি ৭ মিনিটে একটি হামলা সংঘটিত হওয়ার কথা বলা হয়েছে। খবর রয়টার্স।

সাইবার ঝুঁকির বার্ষিক প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত অর্থবছরে দি অস্ট্রেলিয়ান সাইবার সিকিউরিটি সেন্টার (এসিএসসি) ৭৬ হাজারের বেশি সাইবার হামলার অভিযোগ পেয়েছে, যা আগের বছরের তুলনায় ১৩ শতাংশ বেশি। অর্ধেকেরও বেশি আক্রমণ ব্যক্তিকেন্দ্রিক, অর্থ চুরি ও জালিয়াতির জন্য পরিচালিত হয়েছে। তবে প্রতিবেদনে সতর্ক করে দিয়ে বলা হয়, রাষ্ট্র সমর্থিত গ্রুপগুলোর আক্রমণ সাইবারস্পেসকে অন্যতম যুদ্ধক্ষেত্রে পরিণত করেছে। এসব হামলার সঙ্গে চীনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয়, ইরান ও রাশিয়ার রাষ্ট্রসংশ্লিষ্ট গ্রুপ এর সঙ্গে সম্পৃক্ত।

নির্ধারিত সময়ে অস্ট্রেলিয়ার বেশকিছু জরুরি পরিষেবা খাতেও সাইবার হামলার ঘটনা ঘটেছে। এর মধ্যে ২০২১ সালের নভেম্বরে দেশটির সরকারি মালিকানাধীন সিএস এনার্জিতে আক্রমণের ঘটনা ঘটেছিল। প্রতিষ্ঠানটি দেশের মোট উৎপাদিত বিদু্যুতের এক-দশমাংশ সরবরাহ করে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ বলেন, এটি অনেক বড় একটি সতর্কবার্তা। সেই সঙ্গে প্রতিষ্ঠানগুলোকে সম্মিলিতভাবে আরো ভালো কিছু করার জন্য কাজ করতে হবে।