মহাকাশ নিয়ে বর্তমানে তরুণদের মধ্যে আগ্রহ বাড়ছে। আর এ বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করছে মার্স সোসাইটি। ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ (ইউআরসি) নামক প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক দল শিক্ষার্থী। তরুণ দলটির স্পন্সর হিসেবে রয়েছে গ্রামীণফোন।
বৈশ্বিকভাবে স্বীকৃত রোবোটিকস প্রতিযোগিতা ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ প্রতি বছর যুক্তরাষ্ট্রের ইউটার হ্যাঙ্কসভিলে অনুষ্ঠিত হয়। মার্স সোসাইটির উদ্যোগের অংশ হিসেবে ইউআরসি চ্যালেঞ্জে শিক্ষার্থীদের দলকে পরবর্তী প্রজন্মের মার্স রোভার নকশা তৈরি করতে বলা হয়।
আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে আগামী ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ ২০২৩-এর ফাইনালে অংশগ্রহণ করবে বুয়েটের ইন্টারপ্লানেটার টিম। ইন্টারপ্লানেটর টিম চার চাকার এক উদ্ভাবনী রোভার তৈরি করেছে। এর নাম দেয়া হয়েছে প্রচেষ্টা ভি১.০। রোভারটিতে ফিচার হিসেবে রয়েছে অল-টেরেইন অটোনোমাস ট্রাভেল, এক্সট্রিম রিট্রাইভাল ও ডেলিভারি মিশন, রোবোটিক আর্ম এবং অণুজীব ও পুষ্টি নিয়ে মাটি বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় ইক্যুইপমেন্ট।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান বলেন, ‘টিম ইন্টারপ্লানেটরের এ যাত্রায় আমি উচ্ছ্বসিত। তাদের এ চেষ্টা রীতিমতো আক্ষরিক অর্থেই বিশ্বের গণ্ডি পেরিয়ে মহাবিশ্বকে জানার চেষ্টায় বাধাগুলো জয় করে বাংলাদেশের জন্য নতুন সুনাম বয়ে এনেছে। তাদের উদ্যম কঠোর পরিশ্রম আমাদের অদম্য তরুণ সমাজের উদাহরণ।’










