রাশিয়ার রাষ্ট্রমালিকানাধীন গণমাধ্যম কমারস্যান্ট প্রকাশিত প্রতিবেদন ও ২০২১ সালে গ্রুপ আইবি পরিচালিত এক গবেষণার তথ্যানুযায়ী, দেশটির অধিবাসী তথা ব্যবহারকারীদের ইন্টারনেট পাইরেসিতে আগ্রহ বাড়ছে। মূলত চলচ্চিত্র প্রস্তুতকারক প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম কমে আসায় এ হার বেড়েছে। খবর গিজচায়না।

প্রতিবেদন ও জরিপের তথ্যানুযায়ী, রাশিয়ার ইন্টারনেট পাইরেসির বাজার ৫ কোটি ডলারে নেমে আসবে। কেননা টানা তৃতীয় বছরের মতো দেশটিতে অবৈধ ভিডিও কনটেন্ট থেকে আয় নিম্নমুখী রয়েছে। বিশেষজ্ঞরা জানান, ইন্টারনেট পাইরেসিতে যে অবকাঠামো প্রয়োজন সেটির পরিচালন ব্যয় বেড়েছে। এর কারণ রাশিয়ার নীতিনির্ধারকরা অনলাইন ক্যাসিনো ও জুয়ার সন্দেহজনক লেনদেনগুলোয় নিষেধাজ্ঞা আরোপ করেছে। এখান থেকেই ভিডিও পাইরেসিতে বড় বিনিয়োগ করা হতো।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর অধিকাংশ পাশ্চাত্য ইন্টারনেট প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের ব্যবসা বন্ধের পাশাপাশি পণ্য বিক্রি বন্ধের ঘোষণা দেয়। কমারস্যান্ট জানায়, গত তিন মাস তথা ৯০ দিনে দেশটিতে পাইরেটেড উইন্ডোজ ১০ ইনস্টলের জন্য সার্চ রিকোয়েস্টের হার ৮০-২৫০ শতাংশে উন্নীত হয়েছে। সিস্টেম লাইসেন্স ভার্সনে সমস্যা থাকায় এ হার বেড়েছে। অন্যদিকে মাইক্রোসফট এক্সেলের ফ্রি ভার্সন ইনস্টলের জন্য সার্চ হার ৬৫০ শতাংশে উন্নীত হয়েছে।

অন্যদিকে রাশিয়ানরা শিগগিরই পেমেন্টের ক্ষেত্রে ডিজিটাল সম্পদ ব্যবহারের অনুমতিও হারাতে যাচ্ছে। প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কোনো পণ্য কেনা ও পরিষেবার ফি প্রদানে ক্রিপ্টোকারেন্সি ও এনএফটিসহ সব ধরনের ডিজিটাল সম্পদের ব্যবহার নিষিদ্ধে একটি বিল স্বাক্ষর করেছেন।