রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুকে ঘিরে একদিকে শোকের মাতম চলছে। অন্যদিকে এ ঘটনার আড়ালে ফিশিং আক্রমণের চেষ্টা চালাচ্ছে হ্যাকাররা। খবর টেকটাইমস।

উইন্ডোজ সেন্ট্রালের তথ্যানুযায়ী সাইবার নিরাপত্তা সংস্থা প্রুফপয়েন্ট জানায়, রানীর মৃত্যুর ঘটনা কেন্দ্র করে সাইবার আক্রমণ পরিচালনার চেষ্টা করছে নাম না জানা একটি হ্যাকার গ্রুপ। ফলে নিরাপত্তা বিশ্লেষকরা ব্যবহারকারীদের মাইক্রোসফটের কাছ থেকে আসা কোনো ই-মেইলে তাত্ক্ষণিকভাবে ক্লিক না করার পরামর্শ দিয়েছেন। এর মাধ্যমে ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের পাশাপাশি পাসওয়ার্ড চুরিরও চেষ্টা চালানো হতে পারে বলে জানিয়েছেন তারা।

ভুয়া ই-মেইলের মাধ্যমে যে অনলাইনে থাকা ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়া যায় সে বিষয়ে যুক্তরাজ্যের অনেক মানুষ এখনো অবগত নয়। এর অংশ হিসেবে হ্যাকাররা কীভাবে মাইক্রোসফটের পরিচয়কে আসল হিসেবে উপস্থাপন করে মেসেজ পাঠাচ্ছে সে বিষয়টিকে নির্দেশ করেছেন গবেষকরা। প্রুফপয়েন্টের গবেষকরা জানান, যারা ই-মেইল পেয়েছেন তারা ওপরে বড় অক্ষরে ইন মেমোরি অব হার ম্যাজেস্টি লেখা দেখতে পেয়েছে।

প্রথমত, যে কেউ এক দেখায় ই-মেইলটি মাইক্রোসফট থেকে এসেছে বলে ধারণা করবে। কারণ এতে প্রযুক্তি জায়ান্টটির ওয়েবসাইটে দেয়া ফন্ট ব্যবহার করা হয়েছে। যারা এ স্ক্যামের ফাঁদে পা দিয়েছে তারাই ভুক্তভোগী। একবার তারা ই-মেইলের রিপ্লাই বাটনে ক্লিক করার মাধ্যমে বা ই-মেইলে ক্লিক করার মাধ্যমে হ্যাকারদের ব্যক্তিগত তথ্য ও পাসওয়ার্ড হাতিয়ে নেয়ার সুবিধা করে দেবে।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম এক্সপ্রেসের তথ্যানুযায়ী, যারা ভুলবশত লিংকে ক্লিক করেছে তাদের দ্রুত সময়ের মধ্যে পাসওয়ার্ড পরিবর্তনের পাশাপাশি টু-ফ্যাক্টর অথেনটিকেশন চালু করার পরামর্শ দেয়া হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীদের চুরি হওয়া তথ্য পুনরায় ফিরে পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে। যদি কেউ একাধিক ডিভাইসে অ্যাকাউন্ট লগ ইন করে, তাহলে পরেরবার লগইন করার সময় নতুন পাসওয়ার্ড দেয়ার কথাও জানিয়েছেন গবেষক ও বিশ্লেষকরা।